সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। গতকাল রোববার নেত্রকোনা, মৌলভীবাজার ও সুনামগঞ্জে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনা: বেলা সাড়ে তিনটার দিকে শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সমাবেশ হয়। বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোনা জেলা শাখার এই কর্মসূচিতে শহরের বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক নীলম বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেত্রকোনা জেলা সংসদের সভাপতি মোস্তফা কামাল, জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার জেলা কমিটির উপদেষ্টা সাইফুল্লাহ এমরান প্রমুখ।
বক্তারা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
মৌলভীবাজার: ‘এ মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, ভয় নেই মানবতার হবেই জয়’—এই স্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠনসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাব থেকে সাংবাদিকেরা মৌনমিছিল নিয়ে চৌমোহনা চত্বরে যান। সেখানে সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী। সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. তফাজ্জুল হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের উপজেলা সভাপতি প্রভাসিনী সিনহা, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, থানা জামে মসজিদের সহকারী মুয়াজ্জিন আখলিছুর রহমান, উপজেলা এনজিও সমন্বয়কারী এস এ হামিদ প্রমুখ। বক্তারা দলমত-নির্বিশেষে সব ধরনের সহিংসতা, সন্ত্রাস ও জঙ্গিবাদী তৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানান।
সুনামগঞ্জ: বিকেল চারটায় পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় সমাবেশ হয়। বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এই সমাবেশে সংগঠনের জেলা সভাপতি গৌরী ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য দেন কমরেড বরুণ রায় স্মৃতি সংসদের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, জেলা যুব ইউনিয়নের সভাপতি এনাম আহমদ, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফা আশ্রাফী, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, আইনজীবী প্রসেনজিৎ দে প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে জঙ্গিবাদের কোনো স্থান হবে না।