সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মানববন্ধন ও সমাবেশ
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে রংপুর ও কুড়িগ্রামে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
রংপুরে ১৪ দলের আহ্বানে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আয়োজনে ওই কর্মসূচি পালন করা হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের কাচারি বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় ১৪ দলের আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশ হয়। বক্তব্য দেন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হক্কানী, জাসদের (ইনু) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত রাংগা, জাসদের অপর অংশের জেলা সদস্য মাসুদ মুন্না, গণতন্ত্রী পার্টির জেলা সদস্য নৃপেন্দ্রনাথ রায়, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল প্রমুখ।
এদিকে কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশ হয়। বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহ্রসাধিক লোক অংশ নেন।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে কলেজ মোড় ও প্রেসক্লাব ঘুরে ঘোষপাড়া শাপলা চত্বরে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশ হয়। এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাধারণ সম্পাদক মো. জাফর আলী, পৌরসভার মেয়র মো. আবদুল জলিল, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।
বক্তারা বলেন, জেলার মানুষ জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সমর্থন করে না। বাড়ি ভাড়া দেওয়ার আগে অবশ্যই ভাড়াটের সঠিক-নির্ভুল তথ্য নিয়ে পুলিশের কাছে দেওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, কারও প্ররোচনায় বা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে উগ্রপন্থী চিন্তা থেকে বেরিয়ে এসে মানুষের মতো মানুষ হতে হবে।