সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলুন: প্রধানমন্ত্রী

শিশুদের নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হানাহানি, সংঘর্ষ ও অগ্নিসংযোগের রাজনীতি পরিহার এবং সন্ত্রাস ও জঙ্গিবাদকে ‘না’ বলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, শিশুরা যাতে মর্যাদার সঙ্গে বাঁচতে পারে, এ জন্য একটি উন্নত ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে মাতৃভূমিকে গড়ে তুলতে প্রত্যেককে সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলতে হবে। আজ শুক্রবার রাজধানীতে এক শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক এবং ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা সন্ত্রাস ও জঙ্গিপনা করছে এবং আগুন দিয়ে শিশুদের জীবন্ত পুড়িয়ে মারছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, জাতি কখনোই তাদের ক্ষমা করবে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ‘আর কোনো শিশুর এভাবে মৃত্যু হোক, আমরা তা কখনোই প্রত্যাশা করি না। আর কেউ শিশুদের স্কুলে যেতে বাধা দিতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষা বছরের প্রথম দিকে শিশুদের হাতে বই তুলে দিয়েছিলাম যাতে তারা লেখা-পাড়ায় মনোনিবেশ করতে পারে এবং তাদের শিক্ষা জীবনের একটি দিনও যাতে নষ্ট না হয়। অথচ আমাদের দুর্ভাগ্য, সেই প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করা হচ্ছে।’
শেখ হাসিনা বলেন, দেশের জনগণ সমাজে একটি শান্তিপূর্ণ পরিবেশ চায়। একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করে। বর্তমান সরকার জনগণের এই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের অগ্রগতিতে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী একটি খোলা জিপে করে দিবসটি পালন উপলক্ষে আয়োজিত প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। তিনি বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শিশুদের শারীরিক কসরত দেখেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটি ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের প্রতিশ্রুতি আজ বাস্তবে রূপ নিয়েছে। কম্পিউটার ও প্রযুক্তি শিক্ষা গ্রহণে ছাত্রদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের সহায়তা দিতে স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন করা হয়েছে।’ তিনি শিক্ষা ও জ্ঞান অর্জনে শিশুদের মনোযোগী হওয়ার আহ্বান জানান।