সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কর্মসূচি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবারও সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা, মানববন্ধনের মতো কর্মসূচি পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাই-নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শোভাযাত্রা ও মানববন্ধন করেছে রহনপুরের স্কাউট সংগঠন ‘পুণর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ’। গতকাল সকাল নয়টার দিকে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় চত্বরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এসে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে স্কাউট সদস্যদের জঙ্গিবাদবিরোধী শপথবাক্য পাঠ করান স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউএনও আলমগীর কবির, সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, কোষাধ্যক্ষ সাজিদুল ইসলাম প্রমুখ।
রানীনগর (নওগাঁ): নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়ের আয়োজনে ও রানীনগর থানার সার্বিক ব্যবস্থাপনায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। গতকাল বেলা ১১টায় মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়ে আবাদুপুকুর এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জি এম মাসুদ রানার সভাপতিত্বে কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রানীনগর থানার ওসি আবদুল লতিফ খান। আরও বক্তব্য দেন কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ আলী, প্রভাষক সেকেন্দার আলী, ছাত্রলীগ নেতা নয়ন সরদার প্রমুখ।
আক্কেলপুর (জয়পুরহাট): জয়পুরহাট ও নওগাঁ জেলা যুবলীগের যৌথ উদ্যোগে গতকাল বিকেলে আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে সমাবেশ হয়েছে। আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিলকপুর ইউপি যুবলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অনান্যের মধ্যে বক্তব্য দেন সুমন কুমার সাহা, মিলন দেওয়ান, খোদাদাদ খান, রায়হানুল ইসলাম, রানা চৌধুরী, মুরাদ শাকিল, শহিদুল ইসলাম ও সেলিম মাহবুব।