সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো অস্তিত্ব থাকবে না। তিনি দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় নির্মূল করতে তাঁর সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার তাঁর সরকারি বাসভবন গণভবনে দলের নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পর গণমাধ্যমকে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পবিত্র ঈদুল আজহা উদ্যাপন এ বছরের জন্য একটি শান্তিপূর্ণ আবহ তৈরি করেছে। তিনি বলেন, ‘আমার আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। যারা ইসলামের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করার জন্য দায়ী সেই অশুভ শক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এবং ভবিষ্যতে আমরা এ প্রচেষ্টা অব্যাহত রাখব।’
শেখ হাসিনা আরও বলেন, ‘বাংলাদেশ দ্রুত অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। আমরা অগ্রগতি অব্যাহত রাখতে চাই। আমি দেখতে চাই, স্বাধীনতার মূল যে ভিত্তি ছিল একটি মর্যাদাশীল জাতি হিসেবে বাঙালি জাতি পৃথিবীতে মাথা উঁচু করে বাস করছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতে কিছু ঘটনা দেশের অগ্রগতি মন্থর করে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ সেই কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করেছে।’
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবার কণ্ঠ সোচ্চার রাখার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এটি এখন আর একটি নির্দিষ্ট দেশের একক সমস্যা নয়। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী গত শনিবার টঙ্গীতে শিল্প-দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। সরকার হতাহত ব্যক্তিদের পরিবারকে সম্ভাব্য সব রকমের সহায়তা দেবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, দলের জ্যেষ্ঠ নেতা ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, স্থপতি ইয়াফেস ওসমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।