জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এখন সমগ্র জাতির মাঝেই একটা চেতনার উন্মেষ ঘটেছে। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়েছি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। কাজেই আমাদের এই চেতনা নিয়েই এগিয়ে যেতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা সন্ত্রাস, জঙ্গিবাদ চায় না। সবাই শান্তি চায়। আর সেই শান্তির জন্য আজ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চেতনাবদ্ধ হয়ে চলছে। এই চেতনাটাই তাদের শক্তি।
শেখ হাসিনা বলেন, ‘আমি সব সময় এটা বিশ্বাস করি, সকল ধর্ম-বর্ণনির্বিশেষে সকলেরই এই মাটিতে বসবাস করার অধিকার রয়েছে। সকলে সেই অধিকার নিয়েই এখানে বসবাস করবেন—এটাই আমরা চাই।’ তিনি আরও বলেন, ‘ধর্মটা যার যার কিন্তু উৎসবটা সবার। আমি বলব, এই চেতনা বাংলাদেশিদের মধ্যে রয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ইসলাম ধর্মে যে শান্তির বাণী রয়েছে, সেটা সকলে মিলেই প্রচার করছে। সেভাবে আমি চাই, আপনাদের হিন্দু সম্প্রদায়ও আপনাদের ধর্মে যে শান্তির বাণী বলা আছে, সেটাও যেন ব্যাপকভাবে প্রচার করেন। সেভাবেই খ্রিষ্ট, বৌদ্ধ সকল ধর্মাবলম্বীদের আমি এই অনুরোধ জানাব, তাঁরাও যেন তাঁদের ধর্মের শান্তির বাণী প্রচার করেন। কারণ, সকল ধর্মেই শান্তির কথা বলা হয়েছে।’ তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি একতাবদ্ধ হয়ে উত্তরাধিকার আইন করতে চান, আপনারাই মিলিতভাবে আইনটা করে দেবেন, যেহেতু আপনাদের ধর্ম। আমরা এটা পাস করে দেব, তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা আপনাদেরকেই করতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রমুখ।
ফরিদ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ফরিদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ফরিদ আলী তাঁর সহজাত অভিনয় শৈলীর মাধ্যমে দেশের চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।