সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। এতে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের লোকজন অংশ নেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: ‘সম্প্রীতির বাংলায়, জঙ্গিবাদের ঠাঁই নাই’ স্লোগানে সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা ইউনিট এর আয়োজন করে। মানববন্ধন চলাকালে জেলা প্রশাসক সায়মা ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, বিএমএ চুয়াডাঙ্গা শাখার সভাপতি মার্টিন হীরক চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী, সাংবাদিক সমিতির সভাপতি মাহতাব উদ্দীন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রীতি ও শান্তির দেশ। সম্মিলিতভাবে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস রুখতে হবে।
রাজবাড়ী: বেলা ১১টায় প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। রাজবাড়ী প্রেসক্লাব ও জেলা টেলিভিশন সাংবাদিক সমিতি এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক। বক্তব্য দেন সাবেক সভাপতি এ টি এম রফিক উদ্দিন, আবু মুসা বিশ্বাস, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আবদুল কুদ্দুস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সব অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিবাদ চলমান ছিল, আছে এবং থাকবে।
ফরিদপুর: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। জেলায় কর্মরত মুদ্রণ ও সম্প্রচার মাধ্যমের সাংবাদিকেরা এর আয়োজন করেন। বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম, এম এ আজিজ, আবুল হোসেন আজাদ, মিজানুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানবতাবিরোধী সন্ত্রাস ও জঙ্গিদের আশ্রয় ও প্রশ্রয়দাতাদের কঠোর হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পটুয়াখালী: পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে সদর রোডে মানববন্ধন করা হয়। এ সময় সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস, স্বপন ব্যানার্জি, সাধারণ সম্পাদক মুফতি সালাহ্ উদ্দিন প্রমুখ। বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
যশোর: শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে প্রেসক্লাবের সামনে বেলা ১১টার দিকে মানববন্ধন করা হয়। যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এর আয়োজন করা হয়। বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, ফখরে আলম, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডি এম শাহিদুজ্জামান প্রমুখ। মানববন্ধনে জঙ্গি ও সন্ত্রাসের ব্যাপারে দেশবাসীকে সচেতন এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।