সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির নিয়ন্ত্রণকক্ষে প্রশাসনের তালা দেওয়ার অভিযোগে সংবাদ সমেঞ্চলন করেছেন পৌর মেয়র ও কমিটির আহ্বায়ক কামরুজ্জামান। জেলা সদরের সেবা সংঘের মোড়ে গতকাল বুধবার বিকেলে তিনি এ সংবাদ সম্মেলন করেন। তবে জেলা প্রশাসন জানায়, নরসিংদী ক্লাব নামের একটি সংগঠনের কার্যালয় দখল করে কমিটির নিয়ন্ত্রণকক্ষ বানানোর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা ওই কক্ষে তালা দিয়েছেন। সংবাদ সমেঞ্চলনে পৌর মেয়র অভিযোগ করেন, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখা থেকে পাঠানো এক পত্রে সামাজিক অস্থিরতা সৃষ্টি ও দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা রোধে এবং সর্বত্র শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জনমত সৃষ্টির নির্দেশনা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য পৌর শহরের সন্ত্রাস প্রতিরোধে কমিটি গঠন করে নরসিংদী ক্লাবের একটি কক্ষকে নিয়ন্ত্রণকক্ষ করা হয়। গতকাল বিকেল চারটার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শফিকুল ইসলাম সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির ব্যানার ছিঁড়ে ফেলে তালা ঝুলিয়ে দিয়ে চলে যান।তিনি বলেন, ‘এটা রাষ্ট্রীয় আদেশ লঙ্ঘনের শামিল। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’ তবে নরসিংদী ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাল্টা অভিযোগ করে বলেন, ‘নরসিংদী ক্লাব ৪০ বছর ধরে সেবা সংঘের মোড়ে অবস্থিত তার নিজস্ব কার্যালয়ে পরিচালিত হয়ে আসছে। ক্লাবের কার্যালয় কিছুটা সওজ ও পৌরসভার নিজস্ব জায়গায় অবস্থিত। এই ওয়ার্ডের সাবেক কমিশনার এ জায়গাটি নরসিংদী ক্লাবকে দিয়েছেন। আমাদের অনুমতি ছাড়াই তাঁরা কার্যালয় দখল করে সন্ত্রাস কমিটির নিয়ন্ত্রণকক্ষ বানিয়েছেন। তাই আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা সিলগালা করে দেওয়া হয়।’ জেলা প্রশাসক ওবায়দুল আজম বলেন, ‘আমরা সব জায়গায় কমিটি গঠন করার কথা বলেছি। তবে তাদের অন্য কারও জায়গা দখল করে নিয়ন্ত্রণকক্ষ তৈরির কথা বলা হয়নি। আমরা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কক্ষে তালা দিয়েছি।’