সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার শপথ ১০ চেয়ারম্যান প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ১০ চেয়ারম্যান পদপ্রার্থী সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার শপথ নিয়েছেন। গত শনিবার জনতার ঐক্যমঞ্চ নামক অনুষ্ঠানে তাঁরা একে অপরের হাত ধরে এ শপথ নেন।একদল যুবক সচেতন জনসাধারণের ব্যানারে ইসলামপুর উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোখলেছুর রহমান তালুকদার।অনুষ্ঠানে ওই ইউনিয়নের ১২ চেয়ারম্যান প্রার্থীর ১০ জন উপস্থিত ছিলেন। তাঁরা হলেন: ইকবাল হোসেন তালুকদার, এ বি এম সিরাজুল ইসলাম, সিরাজুদৌল্লা দুলাল, নুরুল আবছার চৌধুরী, ইকবাল হোসেন চৌধুরী, সিরাজুল উদ্দিন চৌধুরী, কোব্বাত আলী, মো. ইউনুচ, নেছারুল হক ও বখতেয়ার উদ্দিন তালুকদার। অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক মোরশেদুল আলম বলেন, ইসলামপুর একটি সন্ত্রাস ও মাদকপ্রবণ এলাকা। আগামীকাল মঙ্গলবার ইউপি নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে জনসচেতনতা তৈরির জন্য ‘জনতার ঐক্যমঞ্চ’ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।