সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস-চাঁদাবাজি, নির্যাতন-হুমকি বন্ধের দাবিতে গতকাল সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন রোয়াংছড়ির কয়েকটি পাড়ার বাসিন্দারা l ছবি: প্রথম আলো
সন্ত্রাস-চাঁদাবাজি, নির্যাতন-হুমকি বন্ধের দাবিতে গতকাল সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন রোয়াংছড়ির কয়েকটি পাড়ার বাসিন্দারা l ছবি: প্রথম আলো

সন্ত্রাস-চাঁদাবাজি ও নির্যাতন-হুমকি বন্ধের দাবিতে গতকাল রোববার বান্দরবান শহরে মানববন্ধন করেছেন রোয়াংছড়ি উপজেলার বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজ-সন্ত্রাসীদের হুমকি ও নির্যাতনের কারণে উপজেলার অনেক লোক এলাকা ছেড়ে এখন জেলা শহরের আবাসিক হোটেলে থাকতে বাধ্য হচ্ছেন। এ অবস্থার জন্য তাঁরা জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন।
সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের তালুকদারপাড়া, সিনাইপাড়া, তারাছামুখপাড়ার শতাধিক নারী-পুরুষ জড়ো হন। তাঁরা সেখানে বাংলায় ও ইংরেজিতে লেখা ‘পার্বত্যবাসী এক হও, জনসংহতি সমিতির সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মারমা, অজিত কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা, মহিলা আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক এমেচিং মারমা, বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক পাইহ্লা অং মারমা, রোয়াংছড়ি উপজেলার তালুকদারপাড়া কার্বারি (পাড়াপ্রধান) মংপু মারমা, সিনাইপাড়া কার্বারি খতিচন্দ্র ত্রিপুরা প্রমুখ।

তালুকদারপাড়ার কার্বারি মংপু মারমা ও সিনাইপাড়া কার্বারি খতিচন্দ্র ত্রিপুরা বলেন, সন্ত্রাসীদের হুমকির কারণে তাঁরা পাড়া ছেড়ে এখন জেলা শহরে বসবাস করছেন। তাঁদের পাড়ার আরও অনেক লোক এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

মানববন্ধনে আসা তালুকদারপাড়ার হ্লাশৈনু ও উম্যাচিং মারমা প্রথম আলোকে বলেন, তাঁরা দুজন ছয় দিন ধরে জেলা শহরের একটি আবাসিক হোটেলে রয়েছেন। ৫ জুলাই জেএসএসের বিমল চাকমা নামে একজন চাঁদাবাজকে পাড়াবাসী গণপিটুনি দিয়ে আটক করেছেন।

অভিযোগের বিষয়ে জেএসএসের কেন্দ্রীয় ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লামং চাক বলেন, জেএসএস একটি রাজনৈতিক সংগঠন। এ সংগঠনকে কারও ভয় পাওয়ার কারণ নেই। জেএসএসে অস্ত্রধারী কোনো সদস্য নেই। তাঁর দাবি, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের কতিপয় নেতা জেএসএসের বিরুদ্ধে এই মানববন্ধন করিয়েছেন।

জেলা শহরের আবাসিক হোটেল অতিথির ব্যবস্থাপক মোহাম্মদ মোস্তাক বলেন, তাঁর হোটেলে ৫ ও ৬ জুলাই তালুকদারপাড়ার ৪০-৪৫ জন নারী-পুরুষ ছিলেন। ৭ জুলাই নারী-শিশুরা বাড়ি চলে গেলেও ১৪-১৫ জন পুরুষ এখনো রয়েছেন।

হোটেলে থাকা তালুকদারপাড়ার কয়েকজন ব্যক্তি নাম না প্রকাশের শর্তে বলেন, তাঁরা আওয়ামী লীগের সমর্থক এবং সশস্ত্র সন্ত্রাসীদের হুমকির কারণে বাড়ি যেতে পারছেন না।