সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের আহ্বান

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও পথসভা হয়েছে। এতে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের নেতা-কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: বেলা ১১টায় মহানগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক—সুজনের বরিশাল জেলা ও মহানগর কমিটি। সুজনের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা সভাপতি রাবেয়া খাতুন, সেক্টর কমান্ডার ফোরামের জেলা সভাপতি কাজল ঘোষ, মুক্তিযোদ্ধা জি এম কবির, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি নজরুল ইসলাম, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সম্পাদক রণজিৎ দত্ত, জাসদের জেলা সাধারণ সম্পাদক আবদুল হাই প্রমুখ। তাঁরা বলেন, জঙ্গি হামলা এবং হত্যার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিগোষ্ঠী সারা বিশ্বে বাংলাদেশ এবং ইসলাম ধর্মকে অপরাধীর কাঠগড়ায় নিয়ে যাচ্ছে। দেশের সাধারণ নাগরিকদের সঙ্গে নিয়ে এই অপতৎপরতা বন্ধে একযোগে কাজে নামতে হবে।
খুলনা: বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করে সদর থানা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ মিজানুর রহমান। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা এম ডি এ বাবুল রানা, শ্যামল সিংহ রায়, মফিদুল ইসলাম, ফকির সাইফুল ইসলাম প্রমুখ। তাঁরা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনো সমর্থন করে না। কেউ যাতে ধর্মকে বিতর্কিত করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
বরগুনা: দুপুর ১২টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করে সুজন। এতে উপস্থিত ছিলেন সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, সাংগঠনিক সম্পাদক সুমন শিকদার, সদস্য মো. জাফর হোসেন প্রমুখ। এ সময় তাঁরা জঙ্গিবাদী তৎপরতা কঠোর হাতে দমন, এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, রাজনৈতিক দমন-পীড়ন বন্ধ করাসহ গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখা, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করে বিচারিক প্রক্রিয়ায় দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করার জন্য সাত দফা দাবি উপস্থাপন করেন।
ভোলা: সুজনের আয়োজনে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের সদর রোডে একটি মার্কেটের সামনে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি মোবাশশের উল্যাহ চৌধুরী, নাগরিক কমিটির আহ্বায়ক শাহজাহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম, সুজনের জেলা সভাপতি নওশেদ আলম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মোল্লা, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান শাফিয়া খাতুন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবিদুল আলম প্রমুখ।
অভয়নগর (যশোর): বেলা ১১টায় উপজেলা সদর নওয়াপাড়ার যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন করে সুজন। ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা খাতুন প্রমুখ।