সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে মানববন্ধন ও সমাবেশ
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল বুধবার বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার ও আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে মানববন্ধন হয়েছে। একই ইস্যুতে নীলফামারীতে সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
বিকেল পাঁচটায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল উদ্দীন মজুমদার, মুক্তিযোদ্ধা অধ্যাপক আনোয়ারুল কাদির, বোর্ড হাট কলেজের রোভার স্কাউট লিডার রফিকুল ইসলাম, জেলা রোভারের সাধারণ সম্পাদক জহুরুল হক প্রমুখ।
বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত জেলা জজকোর্ট এলাকার প্রধান ফটকের সামনে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির জেলা শাখা মানববন্ধন করে। বক্তব্য দেন সমিতির জেলা সভাপতি মজিবর রহমান, সহসভাপতি গোলাপ হোসেন, সম্পাদক ইয়াকুব আলী ফকির, সাবেক সভাপতি খগেন্দ্র নাথ শীল, সাবেক প্রচার সম্পাদক বেলাল হোসাইন, সদস্য কোহিনুর ইসলাম, রাশেদুল হক প্রমুখ।
অন্যদিকে দুপুর ১২টায় শহীদ মিনার চত্বরে জঙ্গিবিরোধী সমাবেশ করে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগ। এতে সংগঠনটির জেলা সভাপতি কামরুজ্জামান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক মমতাজুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক দীপক চক্রবর্তী প্রমুখ।