সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জনগণ আমাদের সাথে আছে, জনগণের শক্তিই আমাদের মূল শক্তি। সুতরাং আপনাদের ওপর জনগণের আস্থা বাড়াতে হবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ করে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অধিক জনগণকে সম্পৃক্ত করতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার সকালে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে ‘পুলিশ সপ্তাহ-২০১৭’ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণে এসব কথা বলেন। তিনি বলেন, ‘জনগণ চাইলেই দেখাতে পারে কে কী কাজ করে এবং তাদের কাছ থেকেই সঠিক তথ্য পাওয়া যায়।’
বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বহির্বিশ্বে এবং দেশে স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে প্রধনমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের মাঝে একটা সচেতনতা সৃষ্টি করতে পেরেছি। জনগণকে এসব কাজের সাথে আরও সম্পৃক্ত করতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর কোনো এক দেশের রাষ্ট্রদূতের মন্তব্য ছিল—এ ঘটনা বাংলাদেশ সামাল দিতে পারবে না। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সে একটি স্ট্যাটাস দিয়েছিল। কিন্তু আমরা সেটা পারলাম কয়েক ঘণ্টার মধ্যে। মনে হলো কেউ কেউ খুশি হতে পারল না।’
হলি আর্টিজানের জঙ্গি হামলা মোকাবিলায় পুলিশের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুজন পুলিশ জীবন দিয়ে গেছেন, কিন্তু তাঁরা অনেকগুলো মানুষকে বাঁচিয়ে গেছেন, দেশের সম্মান বাঁচিয়ে গেছেন।’
গাইবান্ধায় সাংসদ মনজুরুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করার পর মানবাধিকার সংস্থাগুলোর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ছোটখাটো ঘটনা হলেই দেখি হাউকাউ শুরু হয়ে যায়। একজন সংসদ সদস্যকে হত্যা করার পর কোনো মানবাধিকার সংগঠন বা কেউ এ ব্যাপারে কোনো শব্দ করল না। বাংলাদেশ একটা অদ্ভুত দেশ দেখি।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব কামাল উদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মোখলেসুর রহমান বক্তৃতা করেন।