সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী মিছিল ও সমাবেশ
দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিশ্ব বাংলা সাহিত্য আসর নীলফামারী জেলা শাখা। সকালে শহরের কালীবাড়ি মোড়ে অবস্থিত সংগঠনের কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে চৌরঙ্গী মোড়ে পথসভায় সভাপতিত্ব করেন বিশ্ব বাংলা সাহিত্য আসর নীলফামারী জেলা শাখার সভাপতি সেলিনা সাথী। বক্তব্য দেন জেলা কবি পরিষদ ও উত্তরণ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মারুফ খান, বিশ্ব বাংলা সাহিত্য আসর ডোমার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, জলঢাকা উপজেলা সভাপতি আবদুল ওহাব প্রমুখ।
দিনাজপুর: বিরেল বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মিছিল ও সমাবেশ হয়। উপজেলা যুবলীগ এর আয়োজন করে। সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. আবদুল মালেক। বক্তব্য দেন সংগঠনের সম্পাদক মোসাদ্দেক হোসেন, উপজেলা জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সহসভাপতি রমা কান্ত রায়, প্রতিরোধ কমিটির সদস্যসচিব শফিকুল প্রমুখ।
কুড়িগ্রাম: রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গিবিরোধী সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সন্ত্রাস ও জঙ্গি হামলার বিরুদ্ধে জনমত গড়ে তোলাসহ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই সরকার। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাহিদ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আনিচুর রহমান ও মিনহাজুল আইয়ুব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
পঞ্চগড়: দেবীগেঞ্জ শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে। দেবীগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে। দুপুরে দেবীগঞ্জ মহিলা মহাবিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে দেবীগঞ্জ বিজয় চত্বরে মানববন্ধন হয়। সেখানে দেবীগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক খগেন্দ্রনাথ সেন প্রমুখ বক্তব্য দেন।