প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী সিনেটর বেনেদেতো ডেলা ভেদোভা গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এসবের পেছনে মূল পরিকল্পনাকারী কারা এবং কারা এদের অর্থ ও অস্ত্রের জোগানদাতা, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে তাঁর সরকারের উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা জনগণের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি।’
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এ ধরনের কোনো ঘটনা কখনো প্রত্যাশা করিনি। ১০ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হই এবং পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সফল অভিযানের মাধ্যমে জঙ্গিদের হত্যা ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশানে জঙ্গি হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার-পরিজনের প্রতি তাঁর গভীর সমবেদনার কথা পুনর্ব্যক্ত করেন। জবাবে ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রধানমন্ত্রীর এই সমবেদনা ক্ষতিগ্রস্তদের পরিবার-পরিজনের কাছে পৌঁছে দেবেন।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বেনেদেতো বলেন, এ বিষয়ে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে সরকারের দৃঢ় অঙ্গীকার রয়েছে।
গুলশানে হামলার পর দ্রুত পদক্ষেপে সন্তুষ্ট ইতালি: কূটনৈতিক প্রতিবেদক জানান, গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় ইতালির নয়জনের পাশাপাশি বাংলাদেশসহ চার দেশের ২০ নাগরিকের মৃত্যুর পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকারের নেওয়া দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছে ইতালি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের মতো বৈশ্বিক সমস্যা সব দেশের সম্মিলিত প্রচেষ্টায় মোকাবিলার ওপরও ইতালি গুরুত্ব দিয়েছে।
ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী বেনেদেতো ডেলা ভেদোভা গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে এই অভিমত দিয়েছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সকালে দ্বিপক্ষীয় এই বৈঠক হয়। বেনেদেতো ডেলা ভেদোভা গতকাল এক দিনের সফরে ঢাকায় আসেন।
বৈঠকে উপপররাষ্ট্রমন্ত্রী ভেদোভা গত ১ জুলাই হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে জঙ্গি হামলায় অন্যান্য দেশের নাগরিকসহ নয়জন ইতালীয় নাগরিকের মৃত্যুর পরপর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকারের তড়িৎ ও কার্যকর পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন। এ ছাড়া নিহত বিদেশিদের দ্রুততার সঙ্গে তাঁদের দেশে পাঠানোর বিষয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় বাড়তি পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।