সন্ত্রাস, জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী জঙ্গি তৎপরতা ও সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে গতকাল রোববার বিকেলে বগুড়ার ধুনট এন ইউ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ১৪ দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ ১৪ দলের নেতারা বক্তব্য দেন।
সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় পৃথক পৃথকভাবে ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুরে শপথ গ্রহণ শেষে জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময় সভাও হয়েছে। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা সিরাজগঞ্জ কাজিপুর আসানের সাংসদ স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির নেতা সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির নেতা সাংসদ মঈন উদ্দীন খান বাদল, ধুনট শেরপুর-৫ আসনের সাংসদ হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা নিমচন্দ্র ভৌমিক, ন্যাপ নেতা লুৎফর রহমান, বাসদের কেন্দ্রীয় কমিটির নেতা আতাউল্লাহ খান, ওয়ার্কার্স পাটির নেতা সালেহা সুলতানা প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন এ দেশে সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই হবে না। আওয়ামী লীগ তথা ১৪ দল মানুষের ভোটে ক্ষমতায় রয়েছে। তাই আগামী নির্বাচনের এক দিন আগেও জঙ্গি হামলা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে কেউ ক্ষমতায় আসতে পারবে না। তাঁরা জামায়াত-বিএনপি জোটের অশুভ শক্তি মোকাবিলায় দেশব্যাপী নেতা-কর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান।
উল্লাপাড়ার বিআরডিবি মিলনায়তনে উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের ১৩ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্যসহ ১৫৬ জন সদস্য ও শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে ১০টি ইউনিয়নের ১০ জন চেয়ারম্যান, ১২০ জন ইউপি ও সংরক্ষিত ইউপি সদস্য শপথ গ্রহণ করেন।
দুটি অনুষ্ঠানেই চেয়ারম্যানদের শপথ পাঠ করান সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন। উল্লাপাড়ায় সকাল ১০টায় ও শাহজাদপুরে বেলা সাড়ে ১১টায় এ শপথ অনুষ্ঠান হয়। এদিকে সদস্যদের শপথ পাঠ করান শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ ও উল্লাপাড়ার ইউএনও সন্দ্বীপ কুমার সরকার।
শাহজাদপুরের কাছারিবাড়িতে শপথ গ্রহণ শেষে জঙ্গি প্রতিরোধে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাসিবুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান ও আকরাম হোসেন।
এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে গতকাল বিকেলে জঙ্গিবিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে। বিকেল চারটার দিকে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের আয়োজন করে। এতে উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মাইনুদ্দীন খান, সাধারণ সম্পাদক আবদুল হাকিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসান সুমন সরকার প্রমুখ।