সন্ত্রাস থেকে বাঁচতে গ্রামে গ্রামে লাঠি
সন্ত্রাসীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে কয়েকটি গ্রামের মানুষ। চাঁদা না দিলে সন্ত্রাসীরা তাঁদের জমির ফসল, পুকুরের মাছ, গোয়ালের গরু লুট করে নিয়ে যাচ্ছে। আত্মরক্ষার্থে গ্রামবাসী এখন সোচ্চার। সন্ত্রাসীদের কবল থেকে বাঁচতে তাঁরা এক হাজার বাঁশের লাঠি বানিয়ে গ্রামবাসীর মধ্যে বিতরণ করেছেন।ঘটনাটি পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া গ্রামের। ‘ঐক্যই শক্তি’ এ স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার বিকেলে সর্বদলীয় সন্ত্রাসবিরোধী সমাবেশের মধ্য দিয়ে গ্রামবাসীর মধ্যে লাঠি বিতরণ করা হয়। পরে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার পার-ভাঙ্গুড়া, হাটগ্রাম, মধুরগাতি, কালিকাদহ, ভেড়ামারাসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম সন্ত্রাসীদের দখলে রয়েছে। সন্ধ্যার অন্ধকার গ্রামগুলোতে আতঙ্ক নিয়ে আসে। সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে গ্রামের মধ্যে মহড়া দেয়। যার-তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বিভিন্নভাবে হয়রানি করে। প্রকাশ্যে তারা বহু মানুষের গোয়ালের গরু ও মাঠ থেকে ফসল কেটে নিয়ে গেছে। চাঁদার টাকা না দেওয়ায় পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এমনকি তাদের অত্যাচারে বহু মানুষ গ্রামছাড়া হয়েছেন।গ্রামবাসী আরও জানান, সন্ত্রাসীদের এই তাণ্ডব থেকে বাঁচতে গ্রামবাসী দীর্ঘদিন ধরে একত্র হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু নেতৃত্বের অভাবে তা হচ্ছিল না। শেষ পর্যন্ত পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৮-১০টি গ্রামের বাসিন্দারা একত্র হন। চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠন করা হয় ‘সর্বদলীয় সন্ত্রাসবিরোধী কমিটি’।শুক্রবার বিকেলে এই কমিটির আহ্বানে উপজেলার হাটগ্রাম খেলার মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে পার-ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকিবিল্লাহ, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, স্থানীয় বাসিন্দা আবদুর রাজ্জাক ও কোরবান আলী প্রমুখ। সমাবেশ শেষে সর্বদলীয় সন্ত্রাসবিরোধী কমিটির পক্ষ থেকে গ্রামবাসীর মধ্যে সন্ত্রাসীদের প্রতিরোধ গড়তে এক হাজার বাঁশের লাঠি বিতরণ করা হয়। ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকিবিল্লাহ বলেন, ‘সন্ত্রাসীদের কবল থেকে বাঁচতে এটি গ্রামবাসীর ভালো একটি উদ্যোগ। গ্রামবাসী একত্র হয়ে যদি সন্ত্রাসীদের মোকাবিলা করতে পারে, সেটা ভালো। আমরা তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি।’ পার-ভাঙ্গুড়া ইউপির চেয়ারম্যান ও সর্বদলীয় সন্ত্রাসবিরোধী কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, লাঠিগুলোতে বিশেষ চিহ্ন দেওয়া হয়েছে। এই লাঠি কেউ ব্যক্তিগত আক্রোশ মেটাতে ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার প্রথম আলোকে বলেন, ‘মূলত ভাঙ্গুড়া উপজেলার সীমানায় কোনো সন্ত্রাসী নেই। আশপাশের বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসীরা এসে এই এলাকার মানুষের ওপর অত্যাচার চালায়। এলাকাবাসী যদি সন্ত্রাসীদের প্রতিহত করতে একত্র থাকতে পারে, সেটা ভালো। আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করব।’