সন্ত্রাস থেকে বাঁচতে পাবনার কাথুলিয়া গ্রামবাসীর মানববন্ধন
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কাথুলিয়া গ্রামে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী লুটতরাজ ও অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। গ্রামের লোকজন এই সন্ত্রাস থেকে বাঁচতে গতকাল সোমবার দুপুরে পাবনা শহরের আবদুল হামিদ সড়কে মানববন্ধন করেছেন।
গ্রামবাসীর অভিযোগ, নিজাম ওরফে নিস্তার নামের এক ব্যক্তি এই সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। তারা গত ২৫ সেপ্টেম্বর গ্রাম থেকে কহিল প্রামাণিক (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে গেছে। এরপর দুই মাস পেরিয়ে গেলেও কহিলের আর সন্ধান মেলেনি। এরপর থেকেই সমস্যার সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহরের আবদুল হামিদ সড়কে এ মানববন্ধন করেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে গ্রামবাসী নিস্তারের অত্যাচার থেকে বাঁচার দাবি জানিয়ে বিভিন্ন পোস্টার-ব্যানার প্রদর্শন করেন। সেই সঙ্গে যুবক নিখোঁজের ঘটনার বিচার দাবি করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, মাস তিনেক আগে কহিল প্রামাণিকের একটি গরু নিস্তারের জমির ফসল নষ্ট করে। এ নিয়ে দুজনের মধ্যে তৈরি হওয়া বিরোধের জেরে গত ২৫ সেপ্টেম্বর নিস্তারের লোকজন কহিলকে অপহরণ করে। পরে কহিলের বাবা মন্টু প্রামাণিক অজ্ঞাতনামাদের আসামি করে একটি গুমের মামলা করেন। পুলিশ নিস্তারের কয়েকজন লোককে আটক করলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ৮ নভেম্বর রাতে নিস্তারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল কাথুলিয়া গ্রামে হামলা চালায়। এ সময় প্রায় ২০ বাড়িতে লুটপাট ও নারী, শিশু, বৃদ্ধদের মারধর করা হয়।
মানববন্ধন থেকে গ্রামের বাসিন্দা আতিয়ার রহমান বলেন, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ও পুলিশকে পরিস্থিতি জানানো হয়েছে। র্যা ব ও পুলিশ গ্রামে টহলও দিচ্ছে। কিন্তু কিছুই হচ্ছে না। সুযোগ পেলেই নিস্তারের লোকজন গ্রামবাসীকে হুমকি দিচ্ছে।
মানববন্ধনে কহিল প্রামাণিকের মা মনোয়ারা খাতুন ছেলের ছবি হাতে নির্বাক দাঁড়িয়ে ছিলেন। ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘উরা আমার বেটাক ধরি নিয়ে মারি ফেলাইছে। আমি ইয়ের বিচার চাই।’
র্যা ব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বীণা রানী দাস বলেন, ‘নিস্তারের বিরুদ্ধে পাবনা সদর, বেড়া ও সুজানগর থানায় নয়টি মামলা রয়েছে। আমরা বেশ কয়েকবার তাঁকে ধরতে রাজবাড়ী ও পাবনা জেলার সন্ত্রাসকবলিত ঢালারচর ও পাংশার বিভিন্ন চরাঞ্চলে অভিযান চালিয়েছি। অভিযান অব্যাহত রয়েছে।’
পাবনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ সেলিম বলেন, ‘আমরা সার্বক্ষণিক ওই গ্রামটির ওপর নজর রাখছি। এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। নিস্তারকে গ্রেপ্তার করতেও অভিযান চালানো হচ্ছে।’