সন্ত্রাস দমনে একত্রে কাজ করার আহ্বান প্রধান বিচারপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের সন্ত্রাস দমনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে এক সংবর্ধনায় প্রধান বিচারপতি এ আহ্বান জানান। গত শনিবার প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।
সংবর্ধনায় প্রধান বিচারপতি বলেন, ‘আমরা জানি, উন্মত্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে অনেক সময় নিষ্পাপ মানুষকে করুণ পরিণতির মুখোমুখি হতে হয়। যদি কোনো সন্ত্রাসী কাজকে শুধু নিন্দা জানানো হয়, কোনো কাজকে সহ্য করা ও ন্যায্যতা দেওয়া হয়, তবে সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়।...সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
প্রথা অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সভাপতি খন্দকার মাহবুব হোসেন নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানান। বেলা পৌনে ১১টা থেকে দুপুর সোয়া ১২ পর্যন্ত এ অনুষ্ঠানটি চলে।
উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘ভারতে আইন আছে। আমাদের ক্ষেত্রে আরও স্বচ্ছ কিছু করা যায় কি না দেখব।’ নিম্ন আদালতের ওপর ক্ষমতাসীন রাজনৈতিক দলের হস্তক্ষেপ প্রসঙ্গে আইনজীবী সমিতির সভাপতির বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, ‘আমি আশ্বস্ত করতে পারি, মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে এসে পড়েছে।’