সন্ত্রাস দমনে পুলিশকে আরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ দমনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) আরও আধুনিক প্রশিক্ষণ ও যন্ত্রপাতি দেবে যুক্তরাষ্ট্র। গতকাল ডিবি কার্যালয় পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা এ আশ্বাস দেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, গত ১০ বছরে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্র এক কোটি ৯০ লাখ ডলারের বেশি সহায়তা দিয়েছে। এ অর্থ বাংলাদেশের কয়েক হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণে কাজে লেগেছে।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, মার্কিন সহায়তায় ইতিমধ্যে ‘সোয়াট’ নামে বড় ধরনের অপরাধ দমনে সক্ষম একটি ‘কমান্ডো দল’ গঠন করা হয়েছে। এ দলের পরিধি আরও বাড়ানো হচ্ছে। মার্কিন রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে গতকাল সকালে ডিবি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, ডিবির যুগ্ম কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান ও উপকমিশনার মনিরুল ইসলাম বক্তব্য দেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ঢাকা মহানগর পুলিশের তিনটি বিশেষ দল গঠনে উপকরণ সরবরাহ করেছে। এ তিনটি ইউনিট হলো, বোমা নিষ্ক্রিয়করণ দল, সোয়াট (স্পেশাল উইপন অ্যান্ড ট্যাকটিস) এবং সন্ত্রাসবিরোধী ও আন্তর্দেশীয় অপরাধ দমন দল (সিটিটিসিইউ)। তিনি বলেন, ‘আগামী দুই দশকের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে। কিন্তু কিছু লোক নিজেদের ঘৃণা ও অসহিষ্ণুতা বাংলাদেশের ওপর চাপিয়ে দিতে চায়। এরাই সন্ত্রাসী। এসব সন্ত্রাসী বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক দেশের শত্রু। একসঙ্গে মিলে আমরা এ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করব। এ লড়াইয়ে বাংলাদেশ পুলিশকে অংশীদার হিসেবে পেয়ে যুক্তরাষ্ট্র গর্বিত। ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, মহানগর পুলিশকে দুই কোটি লোকের নিরাপত্তা দিতে হয়। সোয়াট দলের পক্ষে এত লোককে সামাল দেওয়া সম্ভব নয়। এখন এদের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। ডিবির কর্মকর্তারা জানান, মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিটগুলো পরিদর্শন করেন। তিনি নবগঠিত সন্ত্রাসবিরোধী ও আন্তর্দেশীয় অপরাধ দমন ইউনিট সদস্যদের উচ্চতর প্রশিক্ষণ ও যন্ত্রপাতি সরবরাহের আশ্বাস দেন। এ ইউনিটটি সন্ত্রাসবাদ, জাল মুদ্রা, অস্ত্র বিস্তার রোধসহ আন্তর্দেশীয় অপরাধগুলো দমনে কাজ করবে। এ ছাড়া বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের উচ্চতর প্রশিক্ষণ ও সোয়াট দলের পরিধি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।