সন্ত্রাস দমনে বাংলাদেশ শূন্য সহনশীলতা নীতিতে বিশ্বাসী: ডেপুটি স্পিকার

সন্ত্রাস দমনে বাংলাদেশ শূন্য সহনশীলতা নীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৫তম সম্মেলনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন ডেপুটি স্পিকার। আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেপুটি স্পিকার এ সম্মেলনে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
ডেপুটি স্পিকার তাঁর বক্তব্যে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান দৃঢ়। বাংলাদেশ যেকোনো ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, মানবতাবিরোধী অপরাধ, মানবাধিকার লঙ্ঘনের বিপরীতে অবস্থান করে এবং এসব সমস্যা মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক সহযোগিতায় বিশ্বাস করে। গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধ করা রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব বলেও বাংলাদেশ বিশ্বাস করে।
তিনি আরও বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ শূন্য সহনশীলতা নীতিতে বিশ্বাসী। আইপিইউকে বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্ট, সরকার ও বেসরকারি সংস্থার মাধ্যমে নারীর প্রতি সব ধরনের সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান। তিনি আইপিইউকে সব ধরনের মানবাধিকার লঙ্ঘন রোধের উপায় খুঁজতে বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্ট নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরিরও আহ্বান জানান।
সম্মেলনে বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরু, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।