সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র-ভারতের সহযোগিতা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস জয়শঙ্কর
এস জয়শঙ্কর

বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ওয়াশিংটনের সঙ্গে দিল্লির নিরাপত্তা সহযোগিতার ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিদলের প্রাতরাশ সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজধানীর একটি হোটেলে প্রাতরাশ সভা শেষে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল মান্নান গণমাধ্যমকর্মীদের এ কথা জানান।
আনিসুজ্জামান বলেন, নিরাপত্তা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার কথা কাগজে পড়েছেন বলে জানিয়েছেন জয়শঙ্কর। এর কোনো ভিত্তি আছে বলে মনে হয় না। তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁদের বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটি নিয়ে কথা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কোনো আলোচনা হয়নি।

সুলতানা কামাল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সিদ্ধান্ত পর্যালোচনার জন্য জয়শঙ্কর এসেছেন। বাংলাদেশের সন্ত্রাস দমনে নিরাপত্তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার বিষয়টি এখানে এসে শুনেছেন বলে জানিয়েছেন জয়শঙ্কর। এ ব্যাপারে তাঁর কোনো মন্তব্য সেভাবে ছিল না।

সাংসদ আবদুল মান্নান বলেন, মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এসে বলেছিলেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। এ ব্যাপারে জানতে চাইলে জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত কীভাবে কাজ করবে। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বলেছে, আমরা তো বলিনি।’ তবে সভায় একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে এই সাবেক সাংসদ জানান।