সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের কাছে বাড়তি সহায়তা চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাড়তি প্রশিক্ষণ, অস্ত্র-সরঞ্জাম ও কারিগরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপে বাংলাদেশ এই সহায়তা চেয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় গতকাল দুই দেশের পঞ্চম নিরাপত্তা সংলাপের পর প্রচারিত যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সারা দিনের আলোচনার পর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটি প্রচার করেছে।
দুই দেশের পঞ্চম নিরাপত্তা সংলাপে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসান ও যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্র দপ্তরের উপসহকারী মন্ত্রী উইলিয়াম মোনাহান।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সহিংস জঙ্গিবাদ মোকাবিলার ক্ষেত্রে আইএস বা দায়িশ যে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি করেছে, সে ব্যাপারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঐকমত্য প্রকাশ করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘ন্যূনতম ছাড় না দেওয়া’ এবং বাংলাদেশের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার নীতির প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। হলি আর্টিজানের হামলার পর সন্ত্রাসী তৎপরতা দমনে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে বিশেষায়িত কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রতিষ্ঠারও প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এবং মার্কিন অর্থায়নে পরিচালিত গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভে বাংলাদেশের অবদানের প্রশংসা করা হয়েছে।
দুর্যোগের প্রস্তুতি ও ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের সামর্থ্য বাড়াতে জয়েন্ট ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ (ডিআরইই) কর্মসূচি শুরু, উপকূলীয় এলাকায় বহু ব্যবহারের উপযোগী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি এবং বাংলাদেশের সামুদ্রিক এলাকায় অস্ত্র চোরাচালান কমাতে কোস্টগার্ডকে বিশেষায়িত নৌযান দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে প্রশিক্ষণ, সরঞ্জাম ও কারিগরি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাড়তি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
নিরাপত্তা সংলাপে দুই দেশের মধ্যে কৌশলগত অগ্রাধিকার ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক নিরাপত্তা সহযোগিতা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা অক্ষুণ্ন রেখে পরস্পরের নিরাপত্তাজনিত উদ্বেগ দূর করতে অংশীদারত্ব শক্তিশালী করার গুরুত্বের ব্যাপারে দুই দেশ রাজি হয়েছে।