সন্ত্রাস দমনে সরকারের প্রশংসা কানাডার হাইকমিশনারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় উগ্রবাদসহ সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের অবস্থান প্রশংসনীয়। আন্তসীমান্ত সন্ত্রাস দমনে বাংলাদেশের অব্যাহত সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়বে বলে মতপ্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বিনোয়েত পিয়ারে লারামি।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে হাইকমিশনার এ প্রত্যাশা ব্যক্ত করেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হাইকমিশনার বলেন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্যবিমোচন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং লিঙ্গসমতা অর্জনে বাংলাদেশের অর্জন প্রশংসনীয়।
ওবায়দুল কাদের বলেন, কানাডা ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার দুই দেশের মধ্যে সম্ভাবনাময় খাতগুলোতে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও কানাডা দ্বিপক্ষীয় ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেবে বলে তিনি মতপ্রকাশ করেন।