থিম্পুতে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত
সন্ত্রাস দমনে সহায়তা বাড়াতে অক্টোবরে বিশেষজ্ঞদের বৈঠক
সন্ত্রাসবাদ দমন ও আন্তসীমান্ত অপরাধ রোধে সহযোগিতা ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ এশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীরা। এর অংশ হিসেবে সার্কের সন্ত্রাসবাদ দমনের কাঠামো জোরদারের বিষয়ে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞরা আগামী অক্টোবরে দিল্লিতে আলোচনায় বসবেন। গতকাল শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলের একাধিক সদস্য প্রথম আলোকে ফোনে জানান, বৈঠক শেষে গৃহীত সম্মত ঘোষণায় এ পর্যন্ত সই হওয়া সব চুক্তি ও কনভেনশন দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এসব চুক্তি বাস্তবায়নের পথ সুগম করতে সদস্য দেশগুলোতে প্রয়োজনীয় আইন প্রণয়নসহ সব ধরনের পদক্ষেপের কথা বলা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সার্ক ভিসার ক্ষেত্রে ইতিপূর্বে ঘোষিত কঠোরতা আরোপের সিদ্ধান্ত বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। এর ফলে ব্যবসায়ী, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর প্রতিনিধিরা এখন থেকে আর এক বছরের জন্য সার্ক ভিসা পাবেন না। থিম্পুর কনভেনশন সেন্টারে গতকাল শনিবার সকালে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আট সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী এক সদস্য জানান, এই অঞ্চলের দেশগুলোর সমুদ্রসীমায় জলদস্যুতা রোধের পাশাপাশি সন্ত্রাসবাদ দমনের কৌশল নির্ধারণের জন্য মালদ্বীপ একটি কৌশলপত্র উপস্থাপন করেছে। সদস্য দেশগুলো এটি পর্যালোচনা করে মতামত দেওয়ার পর তা চূড়ান্ত করা হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী এক প্রতিনিধি এ প্রতিবেদককে জানান, বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে ইতিপূর্বে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। এর পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে দ্রুততার সঙ্গে তথ্য আদান-প্রদানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।সন্ত্রাসবাদ রোধবিষয়ক কনভেনশন স্বাক্ষরের পর সব দেশ এর মধ্যেই এটি অনুসমর্থন করেছে। বৈঠক সূত্রে জানা গেছে, এই অবস্থায় এর বাস্তবায়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দেশগুলোতে প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে, অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পারস্পরিক সহযোগিতাবিষয়ক কনভেনশন অনুসমর্থন করেছে বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। কনভেনশন সইয়ের পর তিন বছর পেরিয়ে গেলেও আফগানিস্তান, নেপাল ও পাকিস্তান এটি অনুসমর্থন করেনি। শেষের তিন দেশকে দ্রুত কনভেনশনটি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। দিল্লিতে বিশেষজ্ঞদের বৈঠক সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ইতিপূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সহযোগিতা জোরদার করতে এ ধরনের বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়। তারই আলোকে এবার ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী অক্টোবরে দিল্লিতে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞরা বৈঠক করবেন। এ পর্যন্ত প্রটোকল, কনভেনশনসহ যেসব চুক্তি ও কাঠামো হয়েছে, তা সমন্বয়ের মাধ্যমে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, সে সম্পর্কে ওই বৈঠকে বেশ কিছু সুপারিশ আসবে। ভিসা-প্রক্রিয়ায় কড়াকড়ি: দক্ষিণ এশিয়ার নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে চলাচলের পথ সুগম করতে চালু হয়েছিল সার্ক ভিসা। বিশেষ করে অভিন্ন অর্থনৈতিক অঞ্চল গঠনের পূর্বশর্ত হিসেবে এ ভিসাকে বিবেচনা করা হয়। কিন্তু ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার পর সার্ক ভিসার ক্ষেত্রে কঠোর অবস্থান নেয় ভারত। এ প্রেক্ষাপটে গত বছরে পাকিস্তানে অনুষ্ঠিত বহির্গমন কর্তৃপক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়, দ্বিতীয় পর্যায় অর্থাৎ ব্যবসায়ী, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীরা এক বছরের পরিবর্তে নির্দিষ্ট প্রয়োজনের ভিত্তিতে ভিসা পাবেন।