সন্ত্রাস দমনে সৌদি প্রচেষ্টায় সমর্থনের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস দমনে সৌদি আরবের প্রচেষ্টায় সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন । ​মঙ্গলবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইরকে এ আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে বাসস এ কথা জানায়।

আদেল আল-জুবেইর মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি​ থেকে ঢাকায় এক সংক্ষিপ্ত সফরে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তিনি বিমানবন্দর থেকে সরাসরি গণভবনে যান। সৌজন্য সাক্ষাতের পর তিনি স​রা​সরি বিমানবন্দর গিয়ে ব্যক্তিগত ফ্লাইটে রাত সাড়ে ৯টার দিকে ​সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত ও বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রসঙ্গত ১৯৮৩ সালের এই প্রথম সৌদি আরবের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করলেন।
গণভবনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসের নিন্দা করে এবং এ ব্যাপারে ন্যূনতম ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করে আসছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী শ্রমিক অভিবাসন, বিনিয়োগ, বাণিজ্য এবং অন্যান্য খাতে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বকে খুবই মূল্য দিয়ে থাকে। ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ হয়েছে দু’দেশে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক। ব্যবসা-বাণিজ্য অনুসন্ধানে এ সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে।
সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকদের নিয়মিতকরণের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করেন।
কিছু লোক ধর্মের নামে ইসলামের প্রকৃত চেতনাকে কলঙ্কিত করছে বলে শেখ হাসিনা এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী একমত প্রকাশ করেন। তাঁরা বলেন, ইসলাম হচ্ছে শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। চরমপন্থাকে দমন করতে হবে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম ভালোবাসা, শান্তি ও ক্ষমার শিক্ষা দেয়। কিন্তু উগ্রপন্থীরা ইসলামের মূল্যবোধকে অবজ্ঞা করছে। আদেল আল-জুবেইর প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির প্রশংসা করেন। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে বিভিন্ন খাতে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন সে দেশের আন্ডার সেক্রেটারি ড. খালিদ আল জানদান, ড. ইউসুফ আল সাদুন, মহাপরিচালক মোহাম্মদ আল কালাবি, পরিচালক ওসামা নাগলি, পরিচালক খালিদ আল কাঙ্গারি সৌদি এবং বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মুতাইরি। বাংলাদেশ পক্ষে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এবং পররাষ্ট্রসচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।