সন্ত্রাস দমনে সৌদিকে সর্বাত্মক সমর্থন দেবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস দমন প্রচেষ্টায় সৌদি আরবকে সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন। গতকাল সন্ধ্যায় গণভবনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসের নিন্দা করে এবং এ ব্যাপারে কোনো ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করে আসছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে বাসস এ খবর জানায়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেস সচিব সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী শ্রমিক অভিবাসন, বিনিয়োগ, বাণিজ্য এবং অন্যান্য খাতে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বকে খুবই মূল্য দিয়ে থাকে। ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ দুটির রয়েছে দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক। ব্যবসা-বাণিজ্য অনুসন্ধানে এ সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে।
সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকদের নিয়মিতকরণের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করেন। প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক ধর্মের নামে শান্তির ধর্ম ইসলামের সত্যিকার আদর্শকে কালিমালিপ্ত করছে।
জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম ভালোবাসা, শান্তি ও ক্ষমার শিক্ষা দেয়। কিন্তু উগ্রপন্থীরা ইসলামের মূল্যবোধকে অবজ্ঞা করছে। তারা এ ক্ষেত্রে গণমাধ্যমসহ বিভিন্ন খাতকে যুক্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
আদেল আল-জুবেইর গতকাল সন্ধ্যায় দিল্লি থেকে এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তিনি বিমানবন্দর থেকে সরাসরি গণভবনে যান। সৌজন্য সাক্ষাতের পর তিনি বিমানবন্দরে গিয়ে ব্যক্তিগত ফ্লাইটে রাত সাড়ে নয়টার দিকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত ও বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
১৯৮৩ সালের পর এই প্রথম সৌদি আরবের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করলেন।