
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে দুই দেশ বাড়তি পদক্ষেপ নেবে, যাতে উভয় দেশের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তাবাহিনী একসঙ্গে কাজ করতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল সোমবার ইএমকে সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে জন কেরির আলোচনায় নিরাপত্তা সহযোগিতার বিষয়টি প্রাধান্য পেয়েছে।
প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজধানীর ইএমকে সেন্টারে নাগরিক সমাজ, তরুণ ও গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কেরি। ওই অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলায় জড়িতদের সঙ্গে ইরাক ও সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলার সময় যাতে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা হয়, সে ব্যাপারে সরকারকে সচেষ্ট থাকার অনুরোধ জানিয়েছেন।
আলোচনায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জন কেরির সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি এ এম রাশেদ চৌধরীকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশের এসব অনুরোধে সাড়া দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জন কেরি।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, দুই দেশের সম্পর্ক নিয়ে জন কেরির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনায় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি। যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে বলে তিনি জানান। ওই বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সফরে গতকাল সকালে জন কেরি জেনেভা থেকে ঢাকায় আসেন। শুরুতে তিনি ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি ইএমকে সেন্টারে নাগরিক সমাজ, তরুণ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে তাঁর কথা হয়। সন্ধ্যায় ঢাকা ছাড়ার আগে তিনি মার্কিন দূতাবাসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এরপর দুই দিনের সফরে দিল্লি যান।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে বাসস জানায়, গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় জন কেরি সন্ত্রাসবাদ দমনে সহযোগিতার প্রস্তাব দেন। এ সময় জন কেরি বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরাও যুক্ত হতে চাই। এ বিষয়ে আমাদের পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ রয়েছে এবং আমরা প্রয়োজনীয় সহায়তা করতে পারি।’
মধ্যপ্রাচ্যে চলমান আইএসবিরোধী অভিযান প্রসঙ্গে কেরি বলেন, আইএসকে ওই অঞ্চলে কোণঠাসা করে ফেলা হয়েছে এবং আক্রমণের মুখে বহু আইএস যোদ্ধা এখন নিজ দেশে ফিরতে বাধ্য হচ্ছে। প্রধানমন্ত্রী বৈঠকে আইএস জঙ্গিদের অর্থের উৎস সম্পর্কে জানতে চাইলে কেরি বলেন, এদের অর্থের একটি বড় অংশ আসে তেল বিক্রির টাকা থেকে এবং আইএস-অধ্যুষিত অঞ্চলগুলোর সাধারণ শ্রমিকদের চাঁদা থেকে।
প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের ধরার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যেহেতু প্রযুক্তিগত উন্নত একটি দেশ, তাই সন্ত্রাসীদের গ্রেপ্তারের বিষয়ে তারা আমাদের তথ্যগত সহায়তা প্রদান করতে পারে। এটা সম্ভব হলে সন্ত্রাসী গ্রেপ্তারের বিষয়ে আমাদের সহযোগিতা হয় এবং এটা দ্বিপক্ষীয়ভাবেই হতে হবে।’
বর্তমান সন্ত্রাসের ধরন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আশ্চর্যের ব্যাপার যে আজকাল উচ্চবিত্ত, ভালো ঘরের ছেলেরা এই সন্ত্রাসে জড়িয়ে পড়ছে। যাদের কোনো কিছুরই অভাব নেই, উচ্চবিত্ত ঘরের ছেলেরা সন্ত্রাসের পথে পা বাড়াচ্ছে...যার একটিই কারণ—তাদের প্রতি তাদের অভিভাবকেরা যথাযথভাবে মনোযোগ দিচ্ছেন না।
জবাবে কেরি বলেন, অভিভাবকেরা ঘর থেকে বের হলেই আজকাল উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা ভিডিও গেমস খেলতে ব্যস্ত হয়ে যায়। যার অধিকাংশই সন্ত্রাসে পরিপূর্ণ থাকে।
প্রধানমন্ত্রী পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার বিষয়টি উল্লেখ করে যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানান। এ বিষয়ে জন কেরি বলেন, তিনি প্রধানমন্ত্রীর আবেগটা বুঝতে পারছেন। বিষয়টি যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জন কেরি বলেন, তিনি বাড়িটিতে সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন দেখে অভিভূত হয়েছেন। প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের অভ্যুদয়ের সব গণ-আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধু ভবনের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে বলেন, একসময় বাংলাদেশের স্বাধীনতাসহ সব গণ-আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ভবনটি।
বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে কেরি বলেন, ‘বাংলাদেশ এ ক্ষেত্রে চমকপ্রদ উন্নতি করেছে। বাংলাদেশের এই উন্নয়ন এবং অন্যান্য বিষয়ে আমাদেরও অংশীদারত্ব রয়েছে।’ তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, স্বাস্থ্য ও জ্বালানি খাতসহ অন্যান্য ক্ষেত্রেও বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করার আগ্রহ দেখান।
ইএমকে সেন্টারে বক্তৃতা: জন কেরি ইএমকে সেন্টারে দেওয়া বক্তৃতায় দুই দেশের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এডওয়ার্ড কেনেডির জড়িত থাকার স্মৃতিচারণা করেন। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয়ের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার তাগিদ দেন। সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করতে গিয়ে বিরোধী দলগুলোর কণ্ঠরোধ এবং জনসমক্ষে বিতর্ক বন্ধ করার প্রলোভনের ফাঁদে পা না দিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
জন কেরি বলেন, ‘এখন পর্যন্ত সহিংস জঙ্গিবাদ দমনে আমাদের কাছে সবচেয়ে কার্যকর ও বিশ্বাসযোগ্য পন্থা হচ্ছে গণতন্ত্র। সন্ত্রাসীদের পরাভূত করতে হলে আমাদের অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে, যা সন্ত্রাসীরা ঘৃণাভরে অবজ্ঞা করে।’
নাগরিক সমাজের বিকাশের ওপর গুরুত্ব দিয়ে জন কেরি বলেন, ‘আমরা জানি, একটি সমাজের নিরাপত্তাবোধের সঙ্গে সত্যিকারের সমৃদ্ধির বিষয়টি যুক্ত। লোকজন যখন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নিজেদের বঞ্চিত ভাবতে শুরু করেন, তখন উগ্রপন্থীরা জায়গা করে নেয়। তখন সহিংসতার মুখে অর্থনৈতিক অগ্রযাত্রা অর্জন দুরূহ হয়ে পড়ে।’
সরকারের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব বিষয় বিশেষ করে সবার অংশগ্রহণে কাজ করার গুরুত্ব, জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সময় গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে।
গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা বাংলাদেশের সমাজে বিভাজন সৃষ্টি এবং বিশ্বের কাছে অতিথিপরায়ণ জাতি হিসেবে পরিচিত বাংলাদেশকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে পরিচালিত বলে উল্লেখ করেন জন কেরি। কয়েক বছর ধরে ধর্মীয় সংখ্যালঘু, বিদেশি, ব্লগার ও নিরাপত্তাকর্মীদের ওপর হামলার কথাও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি হামলাগুলো এ দেশে বেড়ে ওঠা জঙ্গিদের কাজ এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সহযোগিতা নিয়ে প্রশ্ন করা হলে জন কেরি বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসবাদের সমস্যাকে পাশ কাটিয়ে যাচ্ছে না। এ নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। ইরাক ও সিরিয়ায় সক্রিয় আইএসের সঙ্গে বিশ্বের আটটি জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রমাণ রয়েছে। এই আটটি জঙ্গি সংগঠনের একটি রয়েছে দক্ষিণ এশিয়ায়। তাদের সঙ্গে বাংলাদেশের জঙ্গিদের যেকোনো পর্যায়ে যোগাযোগ আছে, এ নিয়ে কোনো বিতর্ক নেই। আমরা আমাদের আলোচনায় এটি স্পষ্ট করেছি। যখন মন্ত্রীরা বলেন, “এ দেশে বেড়ে ওঠা”, তার মানে এটা নয় যে বিদেশি যোদ্ধা এখানে এসে এটা করছেন। এখানকারই কেউ কাজটি করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মানে এই নয় যে, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে অন্য জায়গা থেকে তাঁরা প্রভাবিত হচ্ছেন না। তাই মন্ত্রী ও প্রধানমন্ত্রী আমাদের নিবিড়ভাবে সহযোগিতার বিষয়টি স্পষ্ট করেছেন।’
জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল এম মুনীরুজ্জামান প্রথম আলোকে বলেন, ইএমকে সেন্টারে জন কেরির আলোচনা শুনে মনে হয়েছে, তাঁর এই সফরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পেয়েছে।
ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান, সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ প্রমুখ।

বঙ্গবন্ধুর স্বপ্নের পথেই এগোচ্ছে বাংলাদেশ: গতকাল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জন কেরি। জাদুঘরে তাঁকে স্বাগত জানান বঙ্গবন্ধুর নাতি রেদওয়ান মুজিব সিদ্দিক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। প্রায় ৪০ মিনিট সেখানে অবস্থান করে জাদুঘর ঘুরে দেখেন তিনি। এ সময় দর্শনার্থী বইয়ে তিনি সই করেন।
দর্শনার্থী বইয়ে বঙ্গবন্ধুকে উদ্দেশ করে জন কেরি লেখেন, ‘একটি সহিংস ও কাপুরুষোচিত ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে সাহসী ও উজ্জ্বল এক নেতৃত্বকে কেড়ে নেওয়া হয়। কিন্তু এখন বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথে তাঁরই কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বন্ধু হতে পেরে গর্বিত এবং তাঁর সেই স্বপ্নপূরণে দৃঢ় সমর্থক। আমরা শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে একসঙ্গে কাজ করতে চাই।’
* গণতন্ত্র সমুন্নত রেখে সন্ত্রাস দমনে গুরুত্ব যুক্তরাষ্ট্রের
* শুল্ক ও কোটামুক্ত সুবিধা এবং বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরতের অনুরোধ বাংলাদেশের
* দেশে বেড়ে ওঠা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ আছে আইএসের: কেরি