উৎস-নির্বিশেষে সন্ত্রাসবাদ নির্মূল এবং মানব পাচার ও জাল মুদ্রার সমস্যা মোকাবিলায় বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ভারতে সফররত একটি প্রতিনিধিদল গত শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশের প্রতিনিধিদল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরি ও পাঞ্জাবের পাঠানকোটে উগ্রবাদী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে।
মোফাজ্জল হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি ভারতের নয়াদিল্লিতে দুর্যোগের ঝুঁকি হ্রাসবিষয়ক এশীয় দেশগুলোর সম্মেলনে অংশ নিচ্ছে।
বৈঠকে দৃশ্যত পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে রাজনাথ সিং বলেন, সন্ত্রাসবাদের উৎপত্তিস্থল এবং দক্ষিণ এশিয়া থেকে তা হটানোর উপায় নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে মতপার্থক্য নেই। বাংলাদেশের মাটি থেকে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের উৎখাতের জন্য ধন্যবাদ জানান রাজনাথ।
মোফাজ্জল হোসেন আবহাওয়ার পূর্বাভাসের জন্য এবং ভূ-উপগ্রহ থেকে তাৎক্ষণিক ছবি ও উপাত্ত পাওয়ার ক্ষেত্রে ভারতের সহযোগিতা চান। এতে আগাম তথ্য পাওয়া গেলে দুর্যোগ মোকাবিলা সহজ হবে। রাজনাথ এ বিষয়ে সহায়তার আশ্বাস দেন।