সন্ত্রাস নির্মূলের দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, এ দুটি দানব (সন্ত্রাস ও জঙ্গিবাদ) নির্মূলে যেকোনো মূল্যে অস্ত্র ও অর্থের উৎস বন্ধ করতে হবে।
প্রধানমন্ত্রী এ সময় অন্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় বাংলাদেশের ভূমি ব্যবহার করতে না দিতে তাঁর সরকারের অবস্থানের কথাও পুনরুল্লেখ করেন।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। ভারতের রাজ্যসভায় বিরোধী দলের নেতা গোলাম নবী আজাদ সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের প্রশংসা করে বলেন, ‘এই অশুভ শক্তির বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করব।’
গোলাম নবী ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মশতবার্ষিকী পালনসংক্রান্ত কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে ইন্দিরা গান্ধীর ওপর একটি লেখা দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়।
চীনা প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ: এর আগে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আসা চীনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী ঢাকা-বেইজিং বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর এ সফরে দুই দেশের সম্পর্ক সার্বিক ও কৌশলগত সহযোগিতার নতুন যুগে প্রবেশ করেছে। প্রতিনিধিদলের নেতা আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ভাইস মিনিস্টার ও প্রেসিডেন্টের বিশেষ দূত ঝেং জিয়াওসং শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি চীনের প্রেসিডেন্টের একটি চিঠি শেখ হাসিনার হাতে তুলে দেন এবং প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে চীন সফরের আমন্ত্রণ জানান।