সন্ত্রাস নয়, শান্তি ও সম্প্রীতি


২৫ ডিসেম্বর ২০১৭ খ্রিষ্টাব্দ, আজ সারা পৃথিবীর খ্রিষ্টবিশ্বাসী সমাজ যিশুখ্রিষ্টের জন্মদিন শুভ বড়দিন পালন করছে। স্বয়ং ঈশ্বর মানুষের প্রতি তাঁর অগাধ প্রেম-ভালোবাসার প্রকাশ হিসেবেই দেহধারণ করে পূর্ণ মানুষ হিসেবে মা মারিয়ার গর্ভে জন্মগ্রহণ করেন। যিশুর জন্ম একটি ঐশী-রহস্য; এই রহস্য মানুষ ধ্যান করে ও ঈশ্বরের ভালোবাসা অনুধাবন করে ধন্যবাদ জানায়।
পবিত্র বাইবেলে যিশুর জন্মের ওপর ভবিষ্যদ্বাণী করা হয়েছে, বিশেষভাবে প্রবক্তা ইসাইয়ার পুস্তকে আমরা পাই যে—
‘শোন তোমরা, প্রভু নিজেই তোমাদের এই একটি নিদর্শন দেখাবেন: শোন, এক যুবতী কুমারী এখন সন্তানসম্ভবা। সে এক পুত্রসন্তানের জন্ম দেবে। সে তার নাম রাখবে ইম্মানুয়েল’ (অর্থাৎ ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন) (ইসাইয়া ৭:১৪)।
শান্তি-সম্প্রীতির ওপর প্রতীকী ভবিষ্যদ্বাণীটি হলো: ‘তখন নেকড়ে বাঘ মেষশাবকের সঙ্গে বাস করবে, চিতাবাঘ শুয়ে থাকবে ছাগলছানার পাশে। বাছুর আর সিংহের বাচ্চা একসঙ্গেই চরে বেড়াবে; গরু আর ভালুক তখন মিলেমিশেই থাকবে, তাদের বাচ্চারাও পাশাপাশি শুয়ে থাকবে’ (ইসাইয়া ১১৮-৯)। যিশুর অলৌকিকভাবে জন্ম দ্বারাই এই প্রাবক্তিক ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছে।
বিনীত যিশুর জন্ম গোয়ালঘরে: কোথাও জায়গা না পেয়ে দরিদ্র ও বিনীতভাবেই বেথলেহেমের গোশালায় এই শিশুর জন্ম হয়। সবই এক রহস্য, ঈশ্বর প্রেমের রহস্যও এর প্রকাশ। তাই এই বড়দিনে প্রতিটি গির্জায় তৈরি করা হয় গোশালা, যেখানে রাখা হয় শিশু যিশুর প্রতিকৃতি। বড়দিনের উপাসনায় প্রত্যেক খ্রিষ্টবিশ্বাসী ভক্তিভরেএই গোশালার সামনে দাঁড়ায়, ধ্যান করে যিশুর জন্মরহস্য এবং এই পৃথিবীতে যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের এই প্রেম প্রকাশের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায়। আবার এই গোশালা আমাদের জীবনে নম্রতা, প্রেম-প্রীতি-ভালোবাসাকে বাস্তবায়ন করতে আহ্বান জানায়।
যিশুতে ঈশ্বরের প্রেমের প্রকাশ: ঈশ্বর সর্বশক্তিমান হয়েও নিচে নেমে এলেন একমাত্র মানুষের প্রতি অগাধ ভালোবাসার কারণে। তিনি আসেন শান্তভাবে, নীরবে, ঢাকঢোল পিটিয়ে নয়। মঙ্গল সমাচার লেখক সাধু মোহন বলেন, এমন ক্ষুদ্র হয়ে ঈশ্বরের আগমন মানুষের প্রতি তাঁর ভালোবাসাই প্রকাশ করে। এখন আমাদের প্রতিক্রিয়া কী হতে পারে? প্রতিক্রিয়া হবে রাখালদের মতো। আমাদের বিনম্রতা ও পারস্পরিক প্রেমই আমাদের মনে জাগিয়ে দেবে যিশুর জন্মের আনন্দ। মানুষকে ভালোবেসে ‘স্বর্গের সিঁড়ি বেয়ে যিনি নেমে এলেন মাটির ওপরে, তাঁকে আমরা ধন্যবাদ দিই; স্বর্গদূত বাহিনীর সঙ্গে আমরাও ঈশ্বরের বন্দনা ও প্রশংসা করি। আমরা ক্ষমতার বড়াই নয়, ক্ষমতার অপব্যবহার নয়; বরং নির্ভরতা ও মানুষের প্রতি প্রেম-প্রীতি ভালোবাসায় জীবন যাপন করি।
ঈশ্বরের ধারা ও পদ্ধতি: উচ্চবাচ্য নয়, কোনো শো ডাউন নয়, কোনো পালঙ্ক নয়, তাঁর আগমনের ধারা নিতান্তই দৈনদশায় ভরপুর। যাবপাত্র তাঁর বিছানা, যা একান্ত সরল-সহজ নমনীয়, কমনীয় স্বভাব ও পরিবেশের প্রতীক। কোনো ক্ষমতাধর ব্যক্তি বা ব্যক্তিরা তাঁর জন্মের সংবাদ পায় না; সরল-সহজ রাখাল দলের কাছে মহাদূত যিশুর জন্মের আনন্দ সংবাদ আসে। বর্তমানে আমাদের প্রত্যেকের জীবনে এমন ধারা বাস্তবায়ন করা খুবই প্রয়োজন!
বর্তমান পৃথিবী ও বড়দিনের আহ্বান: এটা সত্য যে বর্তমান সময় ডিজিটাল যুগ। তথ্যপ্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে পৃথিবী দ্রুতবেগে এগিয়ে চলছে। আবার একই ডিজিটাল ধারায় মানুষ পৃথিবীকে অশান্ত করে তুলছে। শত কল্যাণকর বাস্তবতার মধ্যেও চলছে অমানুষিক ও অনৈতিক কত ধরনের ক্রিয়াকলাপ! বাংলাদেশ সরকার বিভিন্নভাবে এগুলো বন্ধ করার শুভ চেষ্টা চালাচ্ছে। তথাপি অপহরণ, হিংসা-বিদ্বেষ তো চলছেই। এবারের বড়দিন আমাদের জোর আহ্বান জানায়—
বিনম্র হয়ে আপন আপন সেবা-দায়িত্ব সঠিকভাবে পালন করতে।
হিংসা-বিদ্বেষ নয়, খুন বা অপহরণ নয়, পরস্পরকে মানব মর্যাদা দান করতে।
সন্ত্রাস নয়, বরং শান্তি ও সম্প্রীতিতে বসবাস করতে।
বিভেদের নয়, একতা ও মিলনের সমাজ গড়ে তুলতে।
অন্যায়-অবিচার অসত্য-মিথ্যাচার বাদ দিয়ে সত্য, ন্যায় ও শান্তির মানুষ হয়ে উঠতে।
রাজনৈতিকসহ সব অঙ্গনে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বহিঃপ্রকাশ ঘটাতে কথায় নয়, বাস্তবে।
নৈতিকতার অবক্ষয় রোধ করে যুবসমাজকে নৈতিক জীবন গঠন করতে।
বড়দিনের মাসে শান্তির দূত পোপ ফ্রান্সিস: বড়দিনের প্রাক্কালে পোপ ফ্রান্সিস শান্তির দূত হয়ে শান্তির বাণী শুনিয়ে গেলেন সবার কাছে। মিয়ানমার থেকে আসা শরণার্থী ভাইবোনদের সঙ্গে একাত্ম হয়ে তাঁদের কথা শুনে, তাঁদের অবস্থা অনুধাবন করে, তাঁদের সঙ্গে প্রার্থনা করে এবং তাদের হয়ে ক্ষমার প্রেমপ্রকাশ করে তিনি শান্তি, সম্প্রীতি ও অসহায়ের প্রতি ভালোবাসার নিদর্শন দেখিয়ে গেলেন।
বড়দিন ও আন্তধর্মীয় সম্প্রীতি: অত্যন্ত আনন্দের বিষয় হলো, হাজার বছর ধরেই বাংলাদেশে বিভিন্ন ধর্মের ও কৃষ্টি-সংস্কৃতির মানুষ বন্ধুত্বে ও সম্প্রীতিতে একসঙ্গে বসবাস করে আসছে। যখনই কোনো উৎসব আসে, তখন জাতি-ধর্ম-বর্ণ সবাই সেই উৎসবে আনন্দে মেতে ওঠে। ঈদ ও পূজা উৎসবে যেমন, তেমনি এই বড়দিনেও বিভিন্ন ধর্মের মানুষ খ্রিষ্টবিশ্বসীর সঙ্গে একাত্ম হয়ে শুভেচ্ছা বিনিময়ে; কার্ড পাঠিয়ে, ফেসবুকে বড়দিনের কার্ড বা শুভেচ্ছা পাঠিয়ে—এমনকি কীর্তনে নৃত্য করে বা ঢোল-খোল বাজিয়ে বড়দিন উৎসবে মেতে ওঠে। আর পিঠার আসরে বিভিন্ন ধর্মের ভাইবোন নিমন্ত্রণ পাবেই। এটি হলো বড়দিনের বাণী শান্তি, প্রেম-প্রীতি-ভালোবাসা ও শান্তি-সম্প্রীতির প্রকাশ। এভাবেই আমরা বর্তমান যুগের শত মন্দ জয় করতে পারি।
বড়দিনের আহ্বান বিক্ষোভ নয়, সন্ত্রাস নয়, কোন্দল নয়, বিদ্বেষ নয়; এবারের বড়দিনের আহ্বান হলো, শান্তি-সম্প্রীতি, সংহতি, মিলন ও ভ্রাতৃত্ব। ন্যায়, সত্য, প্রেম-প্রীতি ভালোবাসা ও অহমবর্জিত মন ও আচরণ, ভেতর-বাহির স্বচ্ছ-সুন্দর তাই ব্যক্তিত্বে শোভনীয়, অনিন্দনীয়, তাই প্রশংসনীয়। এই আহ্বান সর্বজনীন; যা নিত্য প্রবাহমান থাকুক।
বড়দিনে কীর্তন, শুভেচ্ছা, শান্তি-আশীর্বাদ আড়ম্বরপূর্ণ প্রার্থনা ও খ্রিষ্টযাগের পর আলিঙ্গন, করমর্দন, পদধূলি নিয়ে বা কপালে সালাম করে আশীর্বাদ দেওয়া-নেওয়া ও শুভেচ্ছা জানানো হয়। ছোট-বড় যুবা-প্রবীণ বড়দিনের কীর্তনে মেতে ওঠে। কীর্তন বড়দিনের এক আনন্দময় কৃষ্টি-সংস্কৃতি, বহুদিনের ঐতিহ্য। যিশুখ্রিষ্টের জন্মদিন আমাদের কাছে শুভ বড়দিন। এই মহোৎসবে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবার ওপর বর্ষিত হোক যিশুর তথা বড়দিনের শান্তি-আশীর্বাদ। সবার প্রতি রইল শুভ বড়দিনের আন্তরিক শুভেচ্ছা। চিতই, বিক্কে, কুলি, পাটিসাপটা ও পাকন এবং হরেক রকম মুখরোচক বড়দিনের পিঠার আসরে সবার নিমন্ত্রণ। শুভ বড়দিন, মেরি ক্রিসমাস।
ফাদার প্যাট্রিক গমেজ: ক্যাথলিক ধর্মযাজক ও আহ্বায়ক, খ্রিষ্টীয় ঐক্য ও আন্তধর্মীয় সংলাপ কমিশন, রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশ