সন্ত্রাস মোকাবিলায় ঐক্যবদ্ধ হোন : সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস মোকাবিলায় সব অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, ‘সন্ত্রাস মোকাবিলায় যা যা পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, ইতিমধ্যে শেখ হাসিনা নিয়েছেন। ভবিষ্যতে আরও নেবেন। আমরা চাই, সমগ্র অসাম্প্রদায়িক শক্তি আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হোন। জননেত্রীর হাতকে শক্তিশালী করুন। ইনশা আল্লাহ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে জয়লাভ করব।’
আজ শনিবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপপরিষদ আয়োজিত এক সেমিনারে সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন। সেমিনারের শুরুতে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, অনেকেই এক ঢিলে দুই শত্রু মারার চেষ্টা করেন। এভাবেই কিন্তু সাম্প্রদায়িকতা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হবে না। আমাদের আরও বৃহৎ পরিসরে সংগঠন গড়ে তুলতে হবে। রাজনৈতিক কারণে বা অন্যান্য কারণে কিছু মতপার্থক্য থাকতে পারে। কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে কাউকে ছোট করা, কাউকে রাজনৈতিকভাবে ঘায়েল করা, সেটা আসলে সন্ত্রাসবাদ দমনে অন্তরায় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছেন উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের জন্যই রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী লীগের হাতে। তিনি ইতিমধ্যে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্র্যাকটিক্যাল ডিসিশন নিয়েছেন। ইতিমধ্যে এই সরকারের অধীনে সন্ত্রাসের বিরুদ্ধে ক্রমাগত অভিযান চালানো হচ্ছে। বর্তমান সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে।
সৈয়দ আশরাফ বলেন, ‘সন্ত্রাসী শুধু আমাদের দেশে না। সন্ত্রাসী মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে আছে। মধ্যপ্রাচ্যে এ অবস্থা কেন? এটা একধরনের সাম্প্রদায়িকতা। এর মূল উদ্যোক্তা সৌদি আরব। ইরাক ও সিরিয়ায় এ অবস্থা কেন? এরও মূল উদ্যোক্তা সৌদি আরব। সৌদি আরব যদি সুন্নিদের পৃষ্ঠপোষকতা না করত, তাহলে কিন্তু ইরাকে যুদ্ধ হয় না। সিরিয়াতে এ অবস্থা হয় না। তাদের সংকীর্ণ ধর্মীয় গোষ্ঠীর কারণে সমগ্র বিশ্বে আজকে আতঙ্কে। কেউ আজকে নিরাপদ নাই।’
সাম্প্রদায়িক গোষ্ঠী শুধু মধ্যপ্রাচ্যে নয়, বাংলাদেশেও পৃষ্ঠপোষকতা করছে উল্লেখ করে আশরাফ বলেন, ‘ধর্মের নামে সাম্প্রদায়িকতায় শুধু তারাই না, তাদের পৃষ্ঠপোষকেরাও আছে। তারা চায়, বাংলাদেশে শিয়া-সুন্নি বা মুসলমান বা হিন্দুদের মধ্যে একটা বিভাজন হোক। এটা আমাদের সরকার কোনোমতেই অ্যালাও করতে পারি না। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।’
বিএনপির সম্মেলনে আগত কাউন্সিলরদের উদ্দেশে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘তাঁদের মধ্যে সবাই অমানুষ, সেটা মনে করি না। তাঁদের কাছে শুধু একটা প্রশ্ন রাখি—ডাক্তার ভুল করলে একটা রোগী মারা যায়। আর রাজনৈতিক নেতা ভুল করলে হাজার নেতা মারা যায়। হিটলার এর বড় প্রমাণ। একই সঙ্গে লাদেন, আইএস ও অন্যরা। এই অবস্থায় বিএনপির ওইখানে যাঁরা আছেন, তাঁদের কাছে প্রশ্ন—সম্মেলনে ওনারা কী পাবেন এই নেতৃত্বের হাত থেকে?’ তিনি আরও বলেন, ‘রাজনীতি তো মানুষের জন্য, মানুষকে ধ্বংস করে, সভ্যতাকে ধ্বংস করে বিএনপি কী পাবে? ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, বিএনপি নেত্রী ব্যর্থ। তার কুপুত্রও ব্যর্থ।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার আমীর-উল–ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।