বহিঃসমর্পণ চুক্তির সংশোধনীর পরপরই ভারতে আসছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ২৭ জুলাই দুই দিনের সফরে দিল্লি এসে তিনি বৈঠক করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে।
দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ছাড়াও এই বৈঠকে সন্ত্রাস রোধে বহুমুখী সহযোগিতা ও অপরাধী বিনিময় নিয়ে কথা হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতে আসছে এক বড় প্রতিনিধিদল। সেই দলে স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান ও পুলিশের আইজি শহীদুল হকও থাকছেন। সীমান্তের দুই পারে সন্ত্রাসের মোকাবিলা কীভাবে হাতে হাত মিলিয়ে করা যায়, এই বৈঠকে আলোচিত হবে তা-ও। বিশেষ করে জোর দেওয়া হবে তথ্য বিনিময়ের ওপর। তা ছাড়া সীমান্ত এলাকায় অপরাধ দমন ও অপরাধী তল্লাশে যৌথ অভিযান চালানো যায় কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।
ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জুলাইয়ের ভয়াবহ হামলার পর দুই স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকের গুরুত্ব আরও বেড়ে গেছে। ওই ঘটনার পর দুই দেশের মধ্যে সন্ত্রাস মোকাবিলায় বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হয়েছে। এই ভাবনারই একটা অঙ্গ বহিঃসমর্পণ চুক্তির সংশোধন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ সরকার বহিঃসমর্পণ চুক্তির সংশোধন করার পরপরই যে সফর ঠিক হয়েছে, তা নয়। এই সফর আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু তা সত্ত্বেও এই সফরের আগে আইন সংশোধিত হয়ে যাওয়ায় দুই দেশের কাছেই সন্ত্রাস মোকাবিলা সহজতর হবে। বৈঠকে এরই বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।’
গুলশান হামলার হোতা হিসেবে বাংলাদেশ যাঁকে চিহ্নিত করেছে, সেই জেএমবি নেতা পশ্চিমবঙ্গের কোথাও গা ঢাকা দিয়ে আছেন বলে বাংলাদেশের গোয়েন্দাদের খবর। বহিঃসমর্পণ চুক্তির সংশোধনীর ফলে তাঁর মতো অন্য অপরাধীদেরও এখন থেকে হস্তান্তরে বিশেষ কাঠখড় পোড়াতে হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত বেশ কিছুদিন ধরেই এই চুক্তির সংশোধনের জন্য বাংলাদেশকে অনুরোধ করছিল। ২০১৩ সালের অক্টোবরে দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেই অনুযায়ী অপরাধীদের হস্তান্তরের জন্য পরোয়ানার সঙ্গে অপরাধের প্রমাণও দাখিল করতে হতো। যে দেশ অপরাধীকে পেতে চাইছে, তাকে সেই প্রমাণ দিতে হতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি বলে, এর ফলে অপরাধী হাতে পেতে যেমন দেরি হতো, তেমনই সাক্ষ্য-প্রমাণের অভাবে অনেক ক্ষেত্রে হস্তান্তরই হতো না। নতুন সংশোধনীর ফলে এই জটিলতা থাকবে না।
ভারতে মানবাধিকার আন্দোলনের পরিচিত কর্মী গৌতম নউলাখা গতকাল প্রথম আলোকে বলেন, বহিঃসমর্পণ চুক্তির এই সংশোধন দুই দেশের মানবাধিকার রক্ষা আন্দোলনের পরিপন্থী। কারণ, দুই দেশই এই চুক্তির অপব্যবহার করতে পারে। সন্ত্রাসীদের পেতে এই চুক্তি সহায়ক হলেও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তা সহজেই ব্যবহার করা যেতে পারে।