সন্ত্রাসবাদ ও উগ্রবাদী তৎপরতা বৃদ্ধিতে কানাডার উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সন্ত্রাসবাদ ও উগ্রবাদী তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার ঘটনা কানাডার জন্য উদ্বেগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন কানাডা সরকারের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের এশিয়া বিভাগের প্রধান রবার্ট ম্যাকডুগাল।
গতকাল শনিবার বাংলাদেশ-কানাডা সম্পর্ক নিয়ে আয়োজিত এক আলোচনার উদ্বোধনী অধিবেশনে রবার্ট ম্যাকডুগাল এই মন্তব্য করেন। ঢাকায় কানাডা হাইকমিশন ও ইনস্টিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্ন্যান্স (আইপিএজি) যৌথভাবে ‘বাংলাদেশ-কানাডা সম্পর্কের অগ্রগতির ৪৫ বছর’ শীর্ষক আলোচনার আয়োজন করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার জন্য কানাডার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বাংলাদেশ।
দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক ভিত্তির প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশ এখন সহযোগিতা বাড়ানোর জন্য শিক্ষা, সংস্কৃতি, বেসামরিক বিমান চলাচল, ভিসা নীতি ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করছে। তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও দণ্ডপ্রাপ্ত খুনিদের একজন নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা কানাডার সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছি। দুই দেশ মনে করে, তাঁকে ফিরিয়ে আনা হলে বিচারহীনতার সংস্কৃতির অবসান হবে এবং তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের অর্জন হিসেবে বিবেচিত হবে।’
প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ আছে।
ঢাকায় কানাডার সাবেক হাইকমিশনার রবার্ট ম্যাকডুগাল বলেন, দক্ষিণ এশিয়ার কিছু অংশে আপাতদৃষ্টিতে সহিংস উগ্রবাদের উত্থান কানাডার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশে সন্ত্রাস ও উগ্রপন্থা তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার ঘটনা কানাডাকে উদ্বিগ্ন করে তুলেছে। বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি বিদেশিদের নিরাপত্তা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলে তা বাণিজ্য, িবনিয়োগ, উন্নয়ন কর্মসূচিসহ দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন আইপিএজির চেয়ারম্যান সৈয়দ মুনির খসরু।