সন্ত্রাসবাদ দমনে আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক কিংবা রাজনৈতিক বৈষম্য, সহিংসতা ও বিভিন্ন সম্প্রদায়ের মাঝে সংঘাতসহ সন্ত্রাসবাদ উসকে দিতে পারে দক্ষিণ এশিয়ায়—এমন সব সমস্যার সমাধান করতে হবে। সন্ত্রাসবাদ দমনে জাতীয় ও আঞ্চলিক প্রয়াসে সুশাসন বজায় রাখার পাশাপাশি আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রাখাটাও জরুরি। রাজধানীতে সন্ত্রাসবাদ দমনবিষয়ক এক আঞ্চলিক সেমিনারে গতকাল বৃহস্পতিবার বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ সরকারের সহযোগিতায় জাতিসংঘের সন্ত্রাসবাদ দমন বাস্তবায়ন টাস্কফোর্স (সিটিআইটিএফ) রাজধানীর একটি হোটেলে দুই দিনের এ কর্মশালার আয়োজন করে। গতকাল কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সন্ত্রাসবাদ দমনের ব্যাপারে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ‘গত বছর সরকার সন্ত্রাসবাদ দমনের জাতীয় কর্মকৌশল চূড়ান্ত করেছে। গ্রহণ করেছে সন্ত্রাসবাদ ও ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো রকম ছাড় না দেওয়ার নীতি। কোনো রকম সমঝোতা না করেই সন্ত্রাসবাদ ও ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে ক্রুসেড চালিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।’কর্মশালার উপসংহার টানতে গিয়ে সিটিআইটিএফের প্রধান মুহাম্মদ রাফিউদ্দিন শাহ বলেন, বক্তারা দুই দিনের আলোচনায় বেশ কিছু বিষয়ে মতৈক্য পোষণ করেছেন। এ ব্যাপারে তাঁদের অভিমত, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের বিস্তারে যে বিষয়গুলো সহায়ক ভূমিকা পালন করে, তা রোধে কর্মকৌশল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য, নানা ধরনের সহিংসতা, বিভিন্ন সম্প্রদায়ের মাঝে বিদ্বেষমূলক মনোভাব সন্ত্রাসবাদে মদদ জোগায়। তাই এ বিষয়গুলোকে দমন করা জরুরি। কর্মশালায় অংশগ্রহণকারীদের মতে, সন্ত্রাসবাদ দমনে জাতীয় ও আঞ্চলিক প্রয়াসে সুশাসন বিকাশের পাশাপাশি আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা থাকা জরুরি। এর পাশাপাশি অপরাধ দমন আইন ও জাতীয় পর্যায়ে বিচারব্যবস্থাও কার্যকর ও বিশ্বাসযোগ্য হতে হবে। সমাপনী অধিবেশনে আরও বক্তৃতা করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ বিভাগের মহাপরিচালক সাঈদা মুনা তাসনিম।