সন্ত্রাসবাদ দমনে তিন দেশের অবস্থান অভিন্ন: বার্নিকাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ দমনে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্র একই অবস্থানে রয়েছে।
গতকাল সোমবার বিকেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্শা বার্নিকাট এসব কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত প্রায় দুই ঘণ্টা পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মার্শা বার্নিকাট বলেন, ‘আমরা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কাজ করে থাকি। ভারতের সঙ্গে সব বিষয়ে আমাদের একমত আছে, তা কিন্তু নয়। তবে আমরা তিন দেশের সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে একই অবস্থানে রয়েছি।’ মার্কিন রাষ্ট্রদূত বলেন, তিনি নিশা দেশাই বিসওয়ালের ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়ে গতকাল শহীদুল হকের সঙ্গে পর্যালোচনা করেছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি প্রতিনিধিদল ঢাকায় আসবে। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম টডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উইলিয়াম টড ১৪ মে চার দিনের সফরে ঢাকায় আসছেন। এ সময় তিনি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
গত সপ্তাহে ঢাকা সফরের সময় যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গেও বৈঠক করেন। তাঁদের মধ্যে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং এ দেশে স্থিতিশীলতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর বেরিয়েছে।’