সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এ চুক্তির ফলে দুই দেশ সন্ত্রাসবাদ প্রতিরোধে আধুনিক কলাকৌশল বিনিময়, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যোগাযোগ বাড়ানো, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সহযোগিতা বৃদ্ধিসহ উভয় দেশের সম্মতিক্রমে সাইবার অপরাধ দমনে সহযোগিতা করতে পারবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, এই চুক্তি স্বাক্ষরের ফলে বিশ্বব্যাপী সন্ত্রাসের যে থাবা প্রসারিত হয়েছে, তা নিরসনে দুই দেশ যৌথভাবে কার্যকর ভূমিকা পালন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘চুক্তির ফলে সন্ত্রাসবিষয়ক তথ্য আদান-প্রদানের মাধ্যমে সন্ত্রাসীকে শনাক্তকরণ সহজ হবে এবং সন্ত্রাসবাদ দমনে আমরা সক্ষম হব।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ এ চুক্তির বিষয়ে বলেন, বর্তমানে সন্ত্রাসবাদ বিশ্বব্যাপী একটি আলোচিত বিষয় এবং সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী কোনো দেশের সীমানায় আবদ্ধ নয়। কোনো দেশের পক্ষে এককভাবে সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। বিষয়টি সামনে রেখে বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করেছে।

সংলাপের দরজা খুলে গেছে

এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ড্যান ডব্লিউ মজীনা বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে প্রধান দুই দলের অনড় অবস্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ভাষণ ও দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে ফোনালাপের মাধ্যমে সংলাপের নতুন দরজা খুলে গেছে। তিনি বলেন, ‘গত তিন দিনের অগ্রগতিতে আমি খুবই আশাবাদী। এর মধ্য দিয়ে সম্ভাবনা তৈরি হয়েছে, সংলাপের দরজা খুলে গেছে বলে আমি মনে করি। আমি মনে করি, প্রধান দুই দলের মধ্যে সংলাপ হবে এবং এর মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে।’