সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াশিংটনে গত শুক্রবার অনুষ্ঠিত নিরাপত্তা প্রশ্নে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ চতুর্থ বার্ষিক সংলাপে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের ভূমিকা প্রশংসিত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, সশস্ত্র উগ্রবাদ রোধ ও দমনে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সহমত পোষণ করে।
প্রথম আলোর কাছে এক লিখিত মন্তব্যে ওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ সরকার, সে দেশের সুশীল সমাজ, ধর্মীয় সংগঠন এবং অন্যান্য আগ্রহী প্রতিষ্ঠান; যারা উগ্রবাদের বিরুদ্ধে লড়াইতে অংশ নিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রচেষ্টার প্রতি সাধুবাদ জানায়।’
মার্কিন সরকারের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সংলাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমান। অন্যদিকে মার্কিন দলের নেতৃত্বে ছিলেন মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী টড চ্যাপম্যান। তাঁকে সহযোগিতা করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিরাপত্তার প্রশ্নে উভয় পক্ষ যে আলাপ-আলোচনা চালায়, তাতে আলোচ্য বিষয় ছিল কৌশলগত অগ্রাধিকার ও আঞ্চলিক বিষয়গুলো, নিরাপত্তা-সহায়তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমন। মানবিক সাহায্য, জরুরি ত্রাণ, সমুদ্র ও সীমান্ত নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচিত হয়। পররাষ্ট্র দপ্তর জানায়, এই আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক প্রশ্নে ক্রমবর্ধমান সম্পর্ক এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির ব্যাপারে তাদের মতৈক্যের প্রতিফলন রয়েছে।
ইসলামিক স্টেট (আইএস) দমন প্রশ্নে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাওয়া হলে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কথা উদ্ধৃত করে প্রথম আলোকে বলেন, আইএসের ক্ষমতা খর্ব ও পরাস্ত করার ব্যাপারে প্রতিটি দেশই কোনো না কোনো ভূমিকা পালনে সক্ষম। ষাটটির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা বর্তমানে আইএসের বিরুদ্ধে যৌথভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। এই সূত্রে ওই কর্মকর্তা উগ্রবাদ দমনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন, কিন্তু এই লড়াইতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ প্রশ্নে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।
সন্ত্রাসবাদ দমনে এক যৌথ কর্মসূচির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত সম্ভাব্য সন্ত্রাসীদের ব্যাপারে তাৎক্ষণিক তথ্য বিনিময়ে সম্মত হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুরূপ সহযোগিতার বিষয়টি আলোচিত হয়েছে কি না, জানতে চাওয়া হলে ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবাদ দমন প্রশ্নে ভারত ও যুক্তরাষ্ট্র নানামুখী অংশীদারে জড়িত। সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য বিনিময় এই সহযোগিতার অন্তর্গত। তিনি জানান, শুক্রবারের আলোচনায় সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতার প্রশ্নটি আলোচ্য বিষয়ের অন্তর্গত ছিল। এর বাইরে সুনির্দিষ্ট কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।