কোন ক্ষেত্রে সহায়তা দরকার তা জানাবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন। ছবি: ফোকাস বাংলা
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন। ছবি: ফোকাস বাংলা

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সক্ষমতা অর্জনে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশ যাচাই-বাছাইয়ের পর কোন কোন ক্ষেত্রে সহযোগিতা নেওয়া হবে সেটি জানাবে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে তৈরি আছে যুক্তরাষ্ট্র।
আজ সোমবার সচিবালয়ে সফররত মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সামর্থ্য বাড়াতে কারিগরি ও প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ পর্যায়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন নিশা দেশাই বিসওয়াল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, তা নিয়ে আলোচনার জন্য তিনি এসেছেন। তিনি ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের মোকাবিলার জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার পাশাপাশি এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার জোরালো আশ্বাস দিয়ে গেছেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা যে ধরনের সহযোগিতা চাইব, সে ধরনের সহযোগিতা তাঁরা আমাদের করবেন। কী ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন, তা আমরা অ্যাসেস (মূল্যায়ন) করব। তারপর তাঁদের জানাব। যেভাবে আমরা চাইব, সেভাবে তাঁরা সহযোগিতা করবেন।’
নিশা দেশাই বিসওয়াল সাংবাদিকদের বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সমর্থন জানাতে আমি এখানে এসেছি। প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) ফোন করার পর পররাষ্ট্রমন্ত্রী (জন কেরি) আমাকে এখানে আসতে বলেন, যাতে করে আমরা এই বার্তা দিতে পারি, বিরাট এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা বাংলাদেশের পাশে আছি এবং একসঙ্গে কাজ করতে তৈরি আছি। নিহত ও তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। সন্ত্রাসবাদকে পরাজিত করার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’
তিনি জানান, গোয়েন্দা তথ্য, প্রশিক্ষণসহ নানাভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র তৈরি আছে।

যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ সোমবার গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ পরিদর্শন করেন। ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বের হয়ে আসছেন তিনি। ছবি: প্রথম আলো
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ সোমবার গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ পরিদর্শন করেন। ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বের হয়ে আসছেন তিনি। ছবি: প্রথম আলো

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সমাজের বিভিন্ন পক্ষকে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে নিশা দেশাই বলেন, ‘তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা নিশ্চিত করতে তরুণসহ সমাজের বিভিন্ন অংশকে নিয়ে আমাদের কাজ করতে হবে।’
সন্ত্রাসবাদ দমনে অভিজ্ঞতাপুষ্ট যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করার পদক্ষেপ নেওয়ায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন। নিশা দেশাই বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার ব্যাপারে অপেক্ষায় আছি, যাতে করে আমরা আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারি এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীদার হতে পারি।’
হলি আর্টিজান বেকারি পরিদর্শন
নিশা দেশাই বিসওয়াল গতকাল গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টার দিকে নিশা দেশাই মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে নিয়ে গুলশানের ৭৯ নম্বর সড়কের রেস্তোরাঁটিতে যান। এ সময় তাঁকে রেস্তোরাঁ ঘুরিয়ে দেখান পুলিশের উপকমিশনার জসিমউদ্দিন।
১ জুলাই গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। এ সময় তারা ১৭ জন বিদেশি, দুই বাংলাদেশি ও একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে হত্যা করে।
প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ
দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। গুলশানে ১ জুলাইয়ের জঙ্গি হামলার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই দেশের সহযোগিতার প্রসঙ্গ আলোচনাগুলোতে প্রাধান্য পেয়েছে।
এর আগে সকালে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার হাইকমিশনারদের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন নিশা দেশাই বিসওয়াল। মার্কিন রাষ্ট্রদূতের বাসায় অনুষ্ঠিত ওই আলোচনায় সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ওই তিন দেশের শীর্ষ কূটনীতিকদের কাছে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তাঁদের বিশ্লেষণ জানতে চান।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিসওয়ালের বৈঠক
বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন নিশা দেশাই বিসওয়াল। বাসসের খবরে বলা হয়, এ সময় প্রধানমন্ত্রী বিসওয়ালকে বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে তথ্য বিনিময় খুবই গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক হামলার উল্লেখ করে দৃঢ়তার সঙ্গে বলেন, জনগণের সহযোগিতায় বাংলাদেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করতে সক্ষম হবে। তিনি বিসওয়ালকে বলেন, জনগণ এখন অনেক সচেতন এবং সরকার সমাজে শিক্ষিত বিত্তবানদের সন্তানদের জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণ খুঁজে বের করতে এবং এ ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত, তাদের শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
সফরের শেষ দিন আগামীকাল মঙ্গলবার সকালে নিশা দেশাই বিসওয়ালের নাগরিক সমাজের এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। বাংলাদেশ সফর শেষে দুপুরে তিনি শ্রীলঙ্কা যাবেন।

আরও পড়ুন: