সন্ত্রাসবাদ দমনে সমন্বিত আইন প্রয়োগ অপরিহার্য: মজীনা
সন্ত্রাসবাদ দমনে উন্নত তথ্যপ্রযুক্তি ও সমন্বিত আইন প্রয়োগ অপরিহার্য বলে মনে করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসবাদ দমনে পুলিশের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের ভূমিকা শীর্ষক ঢাকায় এক কর্মশালার সমাপনী অধিবেশনে এ কথা বলেন। পুলিশ স্টাফ কলেজে ১০ দিনের এ প্রশিক্ষণের আয়োজন করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কূটনৈতিক নিরাপত্তা ব্যুরো। মার্কিন প্রশিক্ষকেরা এ প্রশিক্ষণ পরিচালনা করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবিরোধী সহায়তা কর্মসূচি (এটিএ) ও মার্কিন দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা দপ্তরের মাধ্যমে এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের লক্ষ্য সম্পর্কে মজীনা বলেন, ‘সন্ত্রাসবিরোধী সহায়তা কর্মসূচি সন্ত্রাসবাদ দমনে দ্বিপক্ষীয় সহযোগিতাগুলোর অন্যতম। এ কর্মসূচির মাধ্যমে আমরা একসঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলা করে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা করতে পারি। হাজার হাজার বাংলাদেশি পুলিশ সদস্য ও অন্যান্য নিরাপত্তা সংস্থা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা ২০০০ সাল থেকে এ পর্যন্ত এটিএ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ লাভ করেছেন।’