সন্ত্রাসবাদের ঝুঁকি, সংগঠিত অপরাধ ও অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় যুক্তরাজ্য। আর সমন্বিত উপায়ে এসব অপরাধ দূর করতে যুক্তরাজ্যের সঙ্গে একটি স্থায়ী কাঠামো গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে যুক্তরাজ্যের অভিবাসন-বিষয়ক মন্ত্রী জেমস ব্রোকেনশায়ারের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা গতকাল সোমবার এসব তথ্য জানান।
ব্রোকেনশায়ার দুই দিনের সফরে গত রোববার ঢাকায় আসেন। প্রথম দিনে তিনি স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। বাংলাদেশ ছাড়ার আগে গতকাল সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন।
যুক্তরাজ্যের হাইকমিশন গতকাল বিজ্ঞপ্তিতে বলেছে, অবৈধ অভিবাসন ও সংগঠিত অপরাধের ঝুঁকি মোকাবিলা, সন্ত্রাসবাদের ঝুঁকি রোধ এবং বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের মতো অভিন্ন বিষয়গুলোতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে জেমস ব্রোকেনশায়ারের সফরে।
সফর শেষে জেমস ব্রোকেনশায়ার বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাজ্যের এক গুরুত্বপূর্ণ অংশীদার। এখন আমরা অবৈধ অভিবাসন ও মানব পাচারের সঙ্গে যুক্ত সংঘবদ্ধ গোষ্ঠীগুলোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর মাধ্যমে দুই দেশকে নিরাপদ রাখার স্বার্থে একসঙ্গে কাজ করছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যের দেওয়া জাল পাসপোর্ট-ভিসা শনাক্তকরণ যন্ত্রপাতির কার্যকর ব্যবহারে আমি সন্তুষ্ট।’
তিন মন্ত্রীর সঙ্গে ব্রোকেনশায়ারের বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশের অবৈধ অভিবাসীদের দ্রুত ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব ছিল ব্রোকেনশায়ারের। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো নাগরিক বিদেশে অবৈধ হলে তাঁর পরিচয় নিশ্চিত হয়ে তাঁকে ফিরিয়ে আনতে সরকারের একটি নীতি রয়েছে। যুক্তরাজ্যে গিয়ে যেসব নাগরিক অবৈধ হয়ে পড়েছেন, তাঁদের ক্ষেত্রেও সরকার একই প্রক্রিয়া অনুসরণ করছে।
জানা গেছে, ব্রোকেনশায়ার আলোচনায় সংঘবদ্ধ অপরাধ ও সহিংস উগ্রবাদের প্রসঙ্গও টানেন। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তাজনিত কোনো সহযোগিতা এলে তা এখন পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে মোকাবিলা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে নিরাপত্তাজনিত সমস্যা মোকাবিলায় বাংলাদেশের আলোচনার স্থায়ী কাঠামো রয়েছে। যুক্তরাজ্যও বাংলাদেশের সঙ্গে স্থায়ী কাঠামোর আওতায় এ ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে। বৈঠকে বিভিন্ন সময় নানা অভিযোগে অভিযুক্ত কয়েকটি সাহায্য সংস্থায় যুক্তরাজ্যের আর্থিক সহায়তার প্রসঙ্গ তোলেন বাংলাদেশের কর্মকর্তারা। বিশেষ করে কক্সবাজারে মুসলিম এইড ও ইসলামিক রিলিফকে যুক্তরাজ্য থেকে কেন তহবিল দেওয়া হচ্ছে, সে প্রশ্ন আসে। যুক্তরাজ্যের মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।