সন্ত্রাসবাদ রুখতে পার্লামেন্টগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করবে আইপিইউ
বৈশ্বিক সন্ত্রাসবাদ রুখতে বিভিন্ন দেশের পার্লামেন্টগুলোর সক্ষমতা বাড়ানোর একটি কৌশল গ্রহণ করতে যাচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।
ঢাকায় পাঁচ দিন ব্যাপী এই সম্মেলন শেষে এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় এই ফোরামটির সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং। আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।
মার্টিন চুংগং বলেন, ‘সহিংস সন্ত্রাসবাদ জন্ম নেয় হতাশা, সামাজিক অসমতা, অবিচার, মানবাধিকার লঙ্ঘন এবং সুযোগের অভাব থেকে। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলার কৌশলে আমরা এ বিষয়গুলো অন্তর্ভুক্ত করব।’ তিনি আরও বলেন, ‘যে কৌশলটা প্রস্তাব করা হবে, সেখানে অনেকগুলো কার্যক্রম অন্তর্ভুক্ত করা হবে, যা সন্ত্রাসবাদ সৃষ্টির কারণগুলোকে রুখতে গ্লোবাল পার্লামেন্টারি কমিউনিটিকে সাহায্য করবে।’
সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ সব ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৈষম্য দূর করতে এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় পার্লামেন্ট কীভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারে, খসড়া প্রস্তাবে সে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে মার্টিন বলেন, ‘স্থিতিশীল বিশ্ব ও শান্তির জন্য সন্ত্রাসবাদ সবচেয়ে বড় হুমকি। কোনো দেশই এই হুমকির বাইরে নয়। এ জন্য আমাদের একটি বৈশ্বিক সমাধান প্রয়োজন।’
ফোরামটির সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘কিছু ঘটে যাওয়ার আগেই সন্ত্রাসবাদ তৈরির কারণগুলোকে চিহ্নিত করে নির্মূল করতে হবে।’
আগামীকাল মঙ্গলবার আইপিইউর নির্বাহী কমিটিতে মার্টিন এসব বিষয় নিয়ে অবহিত করবেন বলেও জানান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১৩৬তম আইপিইউ সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আজ।