সন্ত্রাসবাদ রুখতে বাংলাদেশের পাশে থাকব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন দেশের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। ফ্রান্স, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড গতকাল বুধবার পৃথক বিবৃতি দিয়ে বলেছে, তারা অসহিষ্ণুতা ও সহিংস সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের পাশে আছে।
ফ্রান্সের বিবৃতিটি প্রচার করেছে ঢাকায় নিযুক্ত ফরাসি দূতাবাস। এতে বলা হয়, এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।
ঢাকায় অস্ট্রেলীয় দূতাবাসের পক্ষ থেকে দেওয়া পৃথক বিবৃতিতে বলা হয়েছে, এসব হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত দেখতে চায় দেশটি। বিবৃতিতে অস্ট্রেলীয় হাইকমিশনার গ্রেগ উইলকক বলেন, অসহিষ্ণুতা ও সহিংস সন্ত্রাসবাদের বিরুদ্ধে অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের পক্ষে অস্ট্রেলিয়া যেভাবে দাঁড়িয়ে থাকে, বাংলাদেশের পাশেও সেভাবেই দাঁড়াবে।
সুইজারল্যান্ডের দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সহিষ্ণুতা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার দীর্ঘ ঐতিহ্যের গভীরে নিহিত বাক্স্বাধীনতা। কিন্তু সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাকাণ্ডগুলো সেই বাক্স্বাধীনতার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
এ ছাড়া গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মার্ক সি টোনার বলেন, সমকামীদের অধিকারবিষয়ক কর্মী জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়ের ওপর হামলার ঘটনায় আল-কায়েদাসংশ্লিষ্ট আনসার আল ইসলামের দায় স্বীকার এবং খুনের ধরন দেখে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে সমকামীদের নিয়ে কাজ করার ফলেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা অসহিষ্ণুতার প্রকাশ।