সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকার সঙ্গে 'কাঁধে কাঁধ রেখে' থাকবে দিল্লি
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ঢাকার সঙ্গে ‘কাঁধে কাঁধ রেখে’ থাকার অঙ্গীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ শুক্রবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই অঙ্গীকারের কথা জানান।
১ জুলাই গুলশানের একটি রেস্তোরাঁয় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় আবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই পরিস্থিতে এমন বিবৃতি দিলেন সুষমা স্বরাজ।
বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে এবং সর্বস্তরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ের উদ্যোগ নিতে হবে। বিবৃতিতে তিনি গুলশান হামলার তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এসব হামলা প্রমাণ করে সন্ত্রাসবাদের কোনো ধর্ম বা বিশ্বাস নেই। আমি বিশ্বাস করি, এসব হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে সর্বোচ্চ পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার।’