সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

দেশে জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বুধবার মানিকগঞ্জে পৃথক মানববন্ধন করেছেন সরকারি দেবেন্দ্র কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। গাজীপুর ও মুন্সিগঞ্জেও নানা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় কলেজের অধ্যক্ষ মো. শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য দেন উপাধ্যক্ষ আশরাফুননেছা ও বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সমাজকল্যাণ সচিব জাফর ইকবাল।
একই সময় সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের সামনে জেলা শহরের শহীদ রফিক সড়কে মানববন্ধন করেন। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ আবদুল খালেক, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব আবু বক্কর সিদ্দিক মোল্লা প্রমুখ।
আবদুল খালেক বলেন, একজন প্রকৃত মুসলমান কখনোই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে সমর্থন করেন না। সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখতে সবাইকে সচেতন হতে হবে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
গাজীপুর: দুপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ প্রাঙ্গণে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মাসুদা সিকদার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বি এম আবদুল হান্নান প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। একই সময় শহরের রাজবাড়ী মাঠ এলাকায় গাজীপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে মানববন্ধন করা হয়।
এ ছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধ ইতিহাস ও গবেষণা পরিষদ এবং সেক্টর কমান্ডারস ফোরাম গাজীপুর শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়।
মুন্সিগঞ্জ: জেলা আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যৌথ আয়োজনে মুন্সিগঞ্জ আদালতের সামনের সড়কে মানববন্ধন করা হয়। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অজয় চক্রবর্তী প্রমুখ।