এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক সহায়তার আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ ও মানব পাচারের বিরুদ্ধে লড়াই এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ত্রিমুখী দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে উন্নয়ন করে শান্তি ও সমৃদ্ধি অর্জন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার সকালে বালাইসিদাং জাকার্তা কনভেনশন সেন্টারে দ্বিতীয় এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনের ভাষণে এ আহ্বান জানান। গতকাল তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিমুখী সহযোগিতার মাধ্যমে সেই উন্নয়ন করা সম্ভব, যেখানে শান্তি ও নিরাপত্তা অর্জন করে সন্ত্রাসবাদ, চরমপন্থা, মানব পাচারের বিরুদ্ধে লড়াই ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা যায়।’
শেখ হাসিনা বলেন, ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডায় নতুন রূপরেখা নির্ধারণ করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি তিনটি উন্নয়ন ইস্যুর ওপর গুরুত্বারোপ করেন। প্রথমত, ক্ষুধা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই, দ্বিতীয়ত, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা দমন এবং তৃতীয়ত, ঘনিষ্ঠ ও দৃঢ় সহযোগিতা।
টেকসই উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অস্থিতিশীল বিশ্বনিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই এশিয়া ও আফ্রিকার দেশগুলোর ভালোর জন্য একযোগে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম বা জাত নেই। যেকোনো হিংসাত্মক কর্মকাণ্ডের লক্ষ্যে যেকোনো ব্যক্তি ও সংগঠনকে নিজেদের ভূমি ব্যবহার করতে না দেওয়ার নীতিতে সবাইকে অটল থাকতে হবে।
শেখ হাসিনা বলেন, ব্যাপক উন্নয়ন সত্ত্বেও বিশ্বের ২২০ কোটি মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে। ৮০ কোটি মানুষ দীর্ঘমেয়াদি ক্ষুধায় ভুগছে এবং ২০ কোটি মানুষ জলবায়ুর বিরূপ প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এ প্রেক্ষাপটে গণমুখী, দারিদ্র্যবিমোচন ও বৈশ্বিক উন্নয়নবান্ধব কৌশল নিশ্চিত করতে বিদ্যমান উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ আগামী মাসে ঢাকায় ২০১৫ উন্নয়ন এজেন্ডা-পরবর্তী পটভূমিতে উচ্চপর্যায়ের এক দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতার আয়োজন করছে। আশা করছি, এতে আপনাদের সমর্থন, সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে উল্লিখিত সব বিষয়ে ব্যাপক আলোচনা হবে।’
অভিবাসনের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, পৃথিবীতে এখন মানুষের চলাচল ও অভিবাসন নজিরবিহীনভাবে বেড়েছে। এই সবকিছুকে উন্নয়ন-প্রক্রিয়ার প্রধান চালিকা ও নিয়ন্ত্রক হিসেবে স্বীকৃতি দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যবিমোচনে বাংলাদেশ উদাহরণ দেওয়ার মতো ভালো ফল করেছে। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে কমে ২৪ শতাংশ হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) অধিকাংশই অর্জন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রায় ১ কোটি ২৮ লাখ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে এবং উচ্চশিক্ষা পর্যন্ত মেয়েদের জন্য বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করেছে।
শেখ হাসিনা সেসব মহান নেতাকে স্মরণ করেন, যাঁদের দূরদৃষ্টি এশিয়ান-আফ্রিকান সহযোগিতার পথ প্রশস্ত করেছে। তিনি বলেন, ‘তাঁরা একসঙ্গে একটি সমতা ও ন্যায়ভিত্তিক বিশ্বের স্বপ্ন দেখেছেন। সংহতির জায়গা থেকে তাঁরা ঔপনিবেশিকতাবাদ, দারিদ্র্য ও অসাম্যের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছিলেন।’
এ প্রসঙ্গে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধ, সংঘাত ও শোষণমুক্ত শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন দেখতেন।
সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুয়ং টান স্যাং, মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামাদুল্লাহ, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হেইসেন লং ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেনসহ বিশ্বনেতারা অংশ নিচ্ছেন।
‘ঢাকাকে সহায়তা অব্যাহত রাখবে টোকিও’: সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও গতকাল বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে জাপানি প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ খুবই ভালো।... আসন্ন দিনগুলোতে বাংলাদেশের জন্য জাপানি সহায়তা অব্যাহত থাকবে।’ গত সেপ্টেম্বরে ঢাকা সফরের কথা স্মরণ করে আবে আরও বলেছেন, ওই সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ। দুই দেশের মধ্যে বর্তমানে চমৎকার সম্পর্ক বিদ্যমান এবং দিনে দিনে তা আরও শক্তিশালী হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
থেইন সেইনের সঙ্গে বৈঠক: মিয়ানমারের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ খুবই গুরুত্ব দিয়ে থাকে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে এসব দেশের সঙ্গে কাজ করতে চায় ঢাকা। সম্মেলনের ফাঁকে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠকে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন।