সন্ত্রাসবাদের বিষয়ে জিরো টলারেন্স দেখানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আন্তসরকার পর্যায়ে সন্ত্রাস মোকাবিলা, শান্তি ও সহিষ্ণুতা জোরদারের লক্ষ্যে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এবং ওআইসির সংশ্লিষ্টতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার কুয়েতে বায়ান প্রাসাদে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ৪২ তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এশীয় গ্রুপের পক্ষে বক্তৃতায় এ আহ্বান জানান। সব ধরনের সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্স বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেন। খবর বাসসের।
পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস ও সহিংস চরমপন্থা মোকাবিলায় বৈশ্বিক লড়াইয়ে বিগত বছরগুলোতে ওআইসির গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রশংসা করেন। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে বিশেষ করে মুসলিম দেশগুলোতে সহিষ্ণুতার অভাব ও সন্ত্রাসের ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ওআইসি মুসলিম উম্মাহর সামনে বিদ্যমান গুরুত্বপূর্ণ ইস্যু বিশেষ করে ফিলিস্তিন ও আরব-ইসরায়েল সংঘাত, ইয়েমেন পরিস্থিতির সমাধান করতে সক্ষম হবে। ইয়েমেনে ঐক্য ও স্থিতিশীলতার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে বাংলাদেশ। তিনি আরও বলেন, মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানরা পরিকল্পিত বৈষম্যের শিকার হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে তারা এ অঞ্চলে তৎপর সন্ত্রাসী নেটওয়ার্কের ফাঁদে পড়তে বলে উদ্বেগ বাড়ছে।
পররাষ্ট্রমন্ত্রী এ সম্মেলন আয়োজনের জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল যাবের আল সাবাহ সম্মেলন উদ্বোধন করেন। কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল হামাদ আল সাবাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, সহিংস চরমপন্থা ও ইসলাম ভীতি মোকাবিলার কার্যকরী কৌশল সংক্রান্ত একটি বিশেষ অধিবেশনেও যোগ দেন। মাহমুদ আলী সব ধরনের সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্স বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী ইসলাম ভীতির অবস্থা পর্যবেক্ষণ ও পরিস্থিতি মোকাবিলায় বিদ্যমান কৌশল জোরদার করার পাশাপাশি ওআইসি সচিবালয়ে সন্ত্রাস ও সহিংস চরমপন্থা মোকাবিলা ইউনিট প্রতিষ্ঠার বিষয়টি সমর্থন করেন।
মিয়ানমারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিষয়ক ওআইসি কন্টাক্ট গ্রুপের সদস্য হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এ সংক্রান্ত এক বৈঠকে যোগ দেন। ১৯৯২ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-মিয়ানমার চুক্তির কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের মিয়ানমার সমাজের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ২০১২ সালের নভেম্বরে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে মার্কিন প্রেসিডেন্ট রোহিঙ্গাদের মিয়ানমার জাতির অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন যে, মিয়ানমার কর্তৃপক্ষ রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের নিজেদের বাঙালি হিসেবে পরিচয় না দিলে সম্প্রতি আদম শুমারিকালে অংশগ্রহণ করতে বাধা দিয়েছে। রোহিঙ্গা ইস্যু বিস্তার কেবল বাংলাদেশের উপকূলে নয় বরং দক্ষিণ এশিয়ায় আমাদের তিনটি প্রতিবেশী দেশের ছড়িয়ে পড়েছে। তাই দীর্ঘদিনের এ সমস্যা একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে মোকাবিলা করতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী পরে কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল হামাদ আল সাবাহর সঙ্গে বৈঠক করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন বিষয় অনুসন্ধানসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।