সন্ত্রাসবিরোধী আইনে চাঁপাইনবাবগঞ্জে করা তিন মামলার অনুমোদনে তিন বছর লাগার ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এসব মামলায় সরকারের অনুমোদন এখনো বিচারিক আদালতে না পৌঁছানোর কারণও অনুসন্ধান করতে বলা হয়েছে।
এসব কার্যক্রম শেষ করে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির কাছে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ রায় দেন। পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনে চাঁপাইনবাবগঞ্জে করা ওই তিন মামলা বাতিল ঘোষণা করে মামলাগুলোর দুই আসামিকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।
আদালতে আবেদনকারী ব্যক্তিদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। শহীদুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, অভিযোগ গঠনের আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়। এ ক্ষেত্রে অনুমোদনের আগেই অভিযোগ গঠন করা হয়েছিল। এই ত্রুটির কারণে হাইকোর্ট মামলা তিনটি বাতিল করে ওই নির্দেশসহ রায় দেন।
আইনজীবী সূত্র বলেছে, ২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট থানায় আবদুর রাকিব সুমন ও রবিউল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক তিনটি মামলা করে পুলিশ। এসব মামলায় ২০১২ সালের এপ্রিলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারিক আদালত। সন্ত্রাসবিরোধী আইনের মামলা বিচারের ক্ষেত্রে সরকারের অনুমোদন লাগে। এ জন্য বিচারিক আদালত অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। অনুমোদন ছাড়াই মামলাগুলোতে অভিযোগ গঠন করা হয়। এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা বাতিল চেয়ে ওই দুজন পৃথক পাঁচটি আবেদন করেন। জামিনেরও আবেদন করেন। এই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৮ নভেম্বর হাইকোর্ট মামলা বাতিল প্রশ্নে ও আসামিদের জামিন প্রশ্নে রুল দেন। গত ১৬ এপ্রিল এসব মামলায় অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অনুমোদনের কপি এখনো সংশ্লিষ্ট আদালতে পৌঁছায়নি। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল হাইকোর্ট মামলা তিনটি বাতিল ঘোষণা করে রায় দেন।