সন্ত্রাসবিরোধী আইনের মামলার পাঁচ আসামি জামিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলার পাঁচ আসামি জামিনে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। তাঁদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক। ওই পাকিস্তানি পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করলে আদালত গতকাল বৃহস্পতিবার তা নাকচ করেন।
এই পাঁচজন চট্টগ্রামে ডেটোনেটরসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় করা মামলার আসামি। পরে তাঁদের ঢাকার লালবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ডেটোনেটর উদ্ধারের ঘটনায় এই মামলা করা হয়। এজাহারে বলা হয়, ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় তাঁদের সম্পৃক্ততা রয়েছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।
পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, এই পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। গত ১৯ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে তাঁরা জামিন পান। গতকাল মুখ্য মহানগর হাকিম আদালতে এক আসামি পাসপোর্ট জিম্মায় নেওয়ার আবেদন করলে আদালত তা নাকচ করেন।
মামলাটির তদন্তের বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের মিয়া প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে তিনি কিছু বলতে পারবেন না।
লালবাগ থানায় করা মামলার এজাহারে এই পাঁচ আসামিকে পলাতক উল্লেখ করা হয়। জামিনের আদেশে দেখা যায়, আসামিপক্ষের আইনজীবীরা আদালতে বলেছেন, এজাহারে আসামিদের নাম নেই। সন্দিগ্ধ আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
আইনজীবী ও একজন করে স্থানীয় জামিনদারের জিম্মায় ৩০ হাজার টাকার মুচলেকায় আদালত এই পাঁচজনের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত আসামিরা হলেন পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম এবং চট্টগ্রাম ও কক্সবাজারের বাসিন্দা আবদুল মজিদ, মো. কবির ওরফে আমিন, শেখ মোহাম্মদ সালামত উল্লাহ ও মো. শফিউল্লাহ।
এজাহার থেকে জানা যায়, আসামিরা গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার কথা জানান। তাঁদের কাছ থেকে উদ্ধার করা ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য দিয়ে বোমা তৈরি করে নাশকতা ও জঙ্গি সংগঠনের কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল বলেও তাঁরা জানান।
আদালত সূত্র জানায়, এই মামলায় গত ১ ডিসেম্বর ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্যসহ মিয়ানমারের তিন নাগরিককে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই পাঁচজনকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। তদন্তাধীন এই মামলায় গ্রেপ্তার হওয়া ১০ আসামির মধ্যে সাতজন জামিনে মুক্তি পেয়েছেন।