প্রশাসনের আওতায় স্থানীয় পর্যায়ে সন্ত্রাস ও নাশকতাবিরোধী যেসব কমিটি করা হবে, সেগুলো দলীয় বা দলের অঙ্গসংগঠন হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গতকাল ছিল জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন। ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসকেরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ দলীয়ভাবে মাঠপর্যায়ে সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি গঠন করছে। এটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। কিন্তু প্রশাসনিকভাবে যেসব কমিটি হবে, সেগুলো দলীয় হবে না। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্য দল থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাও এসব কমিটিতে থাকবেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, মাঠপর্যায়ে পুলিশের সঙ্গে জেলা প্রশাসনের সমন্বয়হীনতা আছে বলে মনে হয় না। তিনি বলেন, জেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ করে না। তবে প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন কাজে নেতৃত্ব দেন এবং জনমত সৃষ্টি করেন। এটাও অনেক গুরুত্বপূর্ণ।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, সভায় জেলা প্রশাসকদের প্রস্তাবের ভিত্তিতে প্রতিটি জেলায় পর্যায়ক্রমে একটি করে অফিসার্স ডরমিটরি নির্মাণ, সরকারি গুরুত্বপূর্ণ ভবনে নিরাপত্তার প্রয়োজনে সিসি ক্যামেরা স্থাপন, জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডিজিটাল হাজিরা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বক্তব্য দেন।
এখনো বাংলাদেশ নিরাপদ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ এখনো বিশ্বের অন্যতম নিরাপদ একটি দেশ। তিনি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও জঙ্গি তৎপরতা নস্যাৎ করে দিতে জেলা প্রশাসকদের সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর ধারণা করা হচ্ছিল, বিদেশি পর্যটক কমে গেছে বা যাবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলছে, পর্যটকের সংখ্যা কমেনি।’
পর্যটনশিল্পের প্রসার, প্রচার ও বিপণনের লক্ষ্যে প্রতিটি জেলায় নিজস্ব জেলা ব্র্যান্ডিংয়ের জন্য স্লোগানসহ লোগো নির্বাচন করার কথা উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, এর মাধ্যমে প্রতিটি জেলায় পর্যটনের সম্ভাবনা সৃষ্টি হবে। তিনি বলেন, পর্যটন একটি সমন্বিত কার্যক্রম এবং অনেক মন্ত্রণালয় ও দপ্তর এর সঙ্গে সম্পৃক্ত। তৃণমূল পর্যায়ে এ কার্যক্রম আরও গতিশীল করতে প্রতিটি জেলায় পর্যটন কর্মকর্তা নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও ১২টি পণ্যে পাটের ব্যবহার বাধ্যতামূলক: ছয়টি পণ্য তথা ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি মোড়কীকরণে পাটের ব্যবহার বাধ্যতামূলক করে আইন করেছে সরকার। পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, আদাসহ আরও ১২টি পণ্যে পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হবে।
জেলা প্রশাসক সম্মেলন থেকে বের হয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের জানান, ছয়টি পণ্যে পাটের ব্যবহার বাধ্যতামূলক করায় পাটের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে ২০ শতাংশ। আরও ১২টি পণ্য যুক্ত হলে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে ৪০ শতাংশ।
গতকাল সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, বস্ত্র ও পাটসচিব এম এ কাদের সরকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব এস এম গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন আজ শেষ হবে।